Don't Miss
Home / আজকের সংবাদ / ‘সিটিং সার্ভিস’ বন্ধের সিদ্ধান্ত স্থগিত

‘সিটিং সার্ভিস’ বন্ধের সিদ্ধান্ত স্থগিত

এমএনএ রিপোর্ট : রাজধানীতে গণপরিবহনে ‘সিটিং সার্ভিস’ বন্ধের সিদ্ধান্ত ১৫ দিনের জন্য স্থগিত করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।

বাস মালিকদের সঙ্গে বৈঠক শেষে আজ বুধবার সন্ধ্যায় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যান মশিয়ার রহমান এলেনবাড়িতে বিআটিএর সদর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে একথা জানান।

এর আগে অনুষ্ঠিত ওই বৈঠকে পরিবহন মালিক, পরিবহন বিশেষজ্ঞ, যাত্রী ও নাগরিক প্রতিনিধি এবং বিআরটিএ চেয়ারম্যান-সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিআরটিএ চেয়ারম্যান বলেন, আগামী ১৫ দিন সিটিং সার্ভিসের বিরুদ্ধে কোনও আইনি পদক্ষেপ নেওয়া হবে না। এই সার্ভিস চালু থাকবে। ১৫ দিনের মধ্যে সিটিং সার্ভিসকে কিভাবে আইনি কাঠামোর মধ্যে আনা যায় তা নিয়ে পর্যালোচনা হবে। এসময়ের মধ্যে বিআরটিএ নির্ধারিত চার্ট অনুযায়ী ভাড়া নিতে হবে।

মশিয়ার রহমান বলেন, সিটিং সার্ভিস চললেও তাতে বিআরটিএ কর্তৃক নির্ধারিত ভাড়া নিতে হবে। বাড়তি ভাড়া আদায় করতে পারবে না বাসগুলো।

তিনি বলেন, জনদুর্ভোগ কমাতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ১৫ দিন সিটিং সার্ভিসের বিরুদ্ধে কোনও শাস্তিমূলক ব্যবস্থা না নেওয়া হলেও; অন্য বাসগুলোর বিরুদ্ধে যে অভিযান চলছে তা অব্যাহত থাকবে।

সম্প্রতি ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি গত ১৫ এপ্রিলের পর থেকে সিটিং সার্ভিস বন্ধের ঘোষণা দেয়। গত রবিবার সেই ঘোষণার বাস্তবায়ন শুরু হয়। এরপর পরিকল্পিতভাবে সড়কে বাস চলাচল কমিয়ে দেয় মালিকরা। এতে ব্যাপক ভোগান্তির শিকার হন রাজধানীবাসী।

পরে গত চার দিন ধরে নগরীর বিভিন্ন স্থানে অতিরিক্ত ভাড়া আদায় নিয়ে যাত্রীদের সঙ্গে বচসা-মারামারির ঘটনা ঘটছে। অনেক মালিক রাস্তায় গাড়ি বের করেননি। এ নিয়ে যাত্রীরা ব্যাপক ভোগান্তিতে পড়েন।

‘সিটিং সার্ভিস’ বন্ধের পর জনভোগান্তির প্রেক্ষাপটে গতকাল মঙ্গলবার সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ওই সিদ্ধান্ত পর্যালোচনার জন্য বৈঠক করার নির্দেশনা দেন।

x

Check Also

টানা ৫ ঘণ্টার বেশি গাড়ি চালানো যাবে না, সতর্ক করল বিআরটিএ

এমএনএ প্রতিবেদক একটানা দীর্ঘ সময় গণপরিবহণ চালানোর ফলে চালকদের ক্লান্তি, ঝিমুনি ও ঘুমের প্রবণতা বাড়ছে, ...