সিরিয়ার প্রত্যন্ত অঞ্চলে ৫ ট্রাক অস্ত্র নিয়ে যাচ্ছে মার্কিন সেনা ও কুর্দি গেরিলারা একসাথে সাঁজোয়া যান পাহারায়।
সিরিয়ায় ৫ হাজার ট্রাক অস্ত্র পাঠিয়েছে যুক্তরাষ্ট্র!
Posted by: News Desk
April 22, 2018
এমএনএ রিপোর্ট : সিরিয়ায় যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা বিনামূল্যে কুর্দি গেরিলাদেরকে অস্ত্র দিচ্ছে বলে জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান।
কুর্দিদের এ অস্ত্র দেয়ার ফলে তুরস্কের নিরাপত্তা হুমকির মুখে পড়েছে বলেও মন্তব্য করেন তিনি।
তুর্কি এনটিভিকে দেয়া সাক্ষাৎকারে এরদোগান বলেন, যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা তুরস্কের কাছে অস্ত্র বিক্রির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে অথচ তারা নিষিদ্ধ ঘোষিত কুর্দি গেরিলাদেরকে অস্ত্র যোগান দিচ্ছে।
তিনি বলেন, আমরা অর্থ দিয়ে যুক্তরাষ্ট্রের কাছ থেকে অস্ত্র কিনতে পারি না। অথচ দুঃখজনকভাবে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা সন্ত্রাসী সংগঠনগুলোকে বিনামূল্যে সেই অস্ত্র ও গোলাবারুদ দিচ্ছে। অতএব হুমকিটা কোথা থেকে আসছে? এই হুমকি প্রাথমিকভাবে আসছে কৌশলগত মিত্রদের কাছ থেকে।”
তুর্কি প্রেসিডেন্ট বলেন, সিরিয়ায় অস্ত্রের চালান পাঠানো অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র। সিরিয়ার উত্তরাঞ্চলে দেশটি ৫ হাজার ট্রাক অস্ত্র পাঠিয়েছে।
সিরিয়ার কুর্দি পিপলস প্রোটেকশন ইউনিট বা ওয়াইপিজিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে মনে করে তুরস্ক।
অন্যদিকে, যুক্তরাষ্ট্র এই সংগঠনকে অস্ত্র ও প্রশিক্ষণ দিয়ে সহায়তা করে আসছে এবং সিরিয়া এদেরকে মিত্র হিসেবে ব্যবহার করছে।
গত ডিসেম্বর মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওয়াইপিজিকে ৩৯ কোটি ৩০ লাখ ডলারের অস্ত্র দেয়ার অনুমোদন দিয়েছেন।
মধ্যপ্রাচ্যের যুদ্ধবিধ্বস্ত দেশ সিরিয়ায় এভাবে বিনামূল্যে গেরিলাদের কাছে অস্ত্র দেয়ায় সেখানে সংঘাতপূর্ণ পরিবেশ স্থায়ী হয়ে যাচ্ছে বলে বিশ্বের বিভিন্ন দেশ মনে করছে। এখানে শান্তি প্রক্রিয়ার উদ্যোগ না নিয়ে বিশ্বের দুই মোড়ল ভিন্ন ভিন্ন অবস্থান নিয়েছে।
একদিকে রাশিয়া ও ইরান দেশটির ক্ষমতাসীন সরকারের পক্ষে অবস্থান নিয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা দেশটির কুর্দি গেরিলাদের পক্ষে অবস্থান নিয়েছে। এতে করে এখানে শান্তির বদলে অশান্তি স্থায়ী রূপ নিয়েছে।
যুক্তরাষ্ট্র সিরিয়ায় অস্ত্র ৫ হাজার ট্রাক পাঠিয়েছে 2018-04-22