Don't Miss
Home / আজকের সংবাদ / সিলেটে তেলিবাজারে ট্রাক-পিকআপ সংঘর্ষ, নিহত ৮, অধিকাংশই নির্মাণশ্রমিক

সিলেটে তেলিবাজারে ট্রাক-পিকআপ সংঘর্ষ, নিহত ৮, অধিকাংশই নির্মাণশ্রমিক

সিলেট প্রতিনিধি

সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার তেলিবাজার এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ৮ জন নিহত হয়েছেন। রোববার (৩ মে) সকাল সাড়ে ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের ওই এলাকায় একটি ট্রাক ও শ্রমিকবাহী পিকআপের মুখোমুখি সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পিকআপটিতে থাকা যাত্রীরা মূলত নির্মাণশ্রমিক ছিলেন। তারা সিলেট থেকে সুনামগঞ্জের উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথিমধ্যে তেলিবাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা কাঁঠালবোঝাই একটি ট্রাকের সঙ্গে পিকআপটির সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় ঘটনাস্থলেই ৪ জন নিহত হন। গুরুতর আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে সেখানে আরও ৪ জন মারা যান।

সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মো. মঞ্জুরুল আলম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতদের বেশিরভাগই শ্রমিক এবং তারা একটি পিকআপে করে কর্মস্থলের উদ্দেশ্যে যাচ্ছিলেন। দুর্ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন, যাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতদের মধ্যে ছয়জনের পরিচয় নিশ্চিত করেছে পুলিশ। তারা হলেন—সুনামগঞ্জের দিরাই উপজেলার ভাটিপাড়া গ্রামের মৃত ফখরুল আলীর ছেলে মো. সুরুজ আলী (৬০), একই উপজেলার সেঁততি গ্রামের বসির মিয়ার মেয়ে মোছা. মুন্নি (২৬), ভাটিপাড়া নুরনগর এলাকার মৃত নূর সালামের ছেলে ফরিদুল (৩৫), ধর্মপাশা উপজেলার সরিবা গ্রামের ইদ্রিস মিয়ার স্ত্রী নার্গিস (৪৫), সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার পুটামারা এলাকার সুরত আলীর ছেলে মো. বদরুল জামান (৪০) এবং একই উপজেলার শিবপুর গ্রামের কুটির বিশ্বাসের ছেলে পাণ্ডব বিশ্বাস (২০)। বাকি দুইজনের পরিচয় এখনও শনাক্ত করা যায়নি।

আহতদের মধ্যে রয়েছেন—লাবু (২২), আলমগীর (৩২), হাফিজা (২২), তুরাব মিয়া (৬৫), রাজা মিয়া (৫২) ও আফরোজ মিয়া (৫০)। গুরুতর আহত রহিম (৬০) নামের একজনকে আশঙ্কাজনক অবস্থায় নুরজাহান হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত উদ্ধারকাজে অংশ নেন এবং আহতদের নিকটস্থ হাসপাতালে পাঠান। নিহতদের মরদেহ সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ অনুসন্ধানে কাজ চলছে এবং নিহতদের পূর্ণ পরিচয় শনাক্তে চেষ্টা অব্যাহত রয়েছে।

x

Check Also

গণমাধ্যমের স্বাধীনতা ও আস্থার সংকট: সমালোচনা করার সুযোগ আছে, তবে বিশ্বাসযোগ্যতা তলানিতে

এমএনএ প্রতিবেদক বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে রাজধানীর ধানমন্ডিতে আয়োজিত এক আলোচনা সভায় বর্তমান সময়ে ...