এমএনএ শিল্প ও বাণিজ্য : আগামী ১১ আগস্ট থেকে দোকান-পাট খুলে দেওয়ার সিদ্ধান্ত এসেছে সরকারের উচ্চ পর্যায়ের বৈঠকে। সচিবালয়ে মঙ্গলবার (০৩ আগস্ট) অনুষ্ঠিত বৈঠকে বলা হয় ১০ আগস্ট পর্যন্ত চলমান কঠোর বিধিনিষেধ চলবে। তবে টিকা প্রাপ্তরেই কেবল ১১ আগস্ট থেকে ঘরের বাইরে বের হতে পারবে। আশা প্রকাশ করা হয়, এ সময়ের মধ্যে সারা দেশে আরও প্রায় ১ কোটি মানুষকে করোনা ভ্যাকসিনের আওতায় আনা হবে।
দীর্ঘদিন লকডাউন শেষে কয়েকদিন পর ব্যবসা পরিচালনার যে সুযোগ দেওয়া হয়েছে তাতে সন্তোষ প্রকাশ করেছে বাংলাদেশ দোকান মালিক সমিতি।
গণমাধ্যমে এক ভিডিও বার্তায় সংগঠনটির সভাপতি মো. হেলালউদ্দিন বলেন, সরকার দোকন মালিক ও কর্মচারীদের করোনা টিকা দেওয়ার সাহসী সিদ্ধান্ত নিয়েছে। এটা বাস্তবায়নে প্রয়োজন হলে এবং সরকার চাইলে আমরা প্রতিটি মার্কেটে সমিতির উদ্যোগে অস্থায়ী টিকা কেন্দ্র করতে পারি। যাতে ১০ আগস্টের মধ্যে দোকানের সঙ্গে সংশ্লিষ্টরা করোনা টিকা সহজে দিতে পারে।
গত রোববার বাংলাদেশ দোকান মালিক সমিতি এক সংবাদ সম্মেলনে দোকান খুলে দেয়ার দাবি জানায়। এসময় সমিতি নেতারা বলেন, করোনা মহামারি শুরুর পর সারা দেশে নয় মাস বা ২শ’৭০ দিন দোকান পাট বন্ধ থেকেছে। এসময়ে লাখ লাখ কোটি টাকার লোকসান হয়েছে ব্যবসায়ীদের। তবে সরকার ঘোষিত কোন প্রণোদনা সহায়তা এসব ব্যবসায়ীরা পাননি বলে জানান নেতারা। এতে দোকান মালিক ও কর্মচারী মিলে প্রায় এক কোটি পরিবার অসহায় অবস্থায় আছে।
নেতারা বলেন, বর্তমান অবস্থায় আর লকডাউন মানার মত পরিস্থিতি তাদের নেই। কোরবানি ঈদের আগেও লকডাউনের মধ্যে কয়েকদিনের জন্য দোকান খোলার সুযোগ দেয়া হয়। তবে তাতে ব্যবসায়ীরা খুব একটা লাভবান হয়নি বলে জানান তারা। কেননা ঈদ উপলক্ষে মোকাম থেকে মালপত্র আনাসহ কর্মচারীরা ঢাকায় ফিরতে ঝামেলায় পড়েন। সেসময় মার্কেট ও দোকানগুলোতে ক্রেতাদের উপস্থিতিও চোখে পড়ার মত ছিলো না।
মোহাম্মদী নিউজ এজেন্সী নিউজ – ফিচার – ফটো নেটওয়ার্ক

