বিশেষ প্রতিবেদক
আগামীকাল প্রধানমন্ত্রী তারেক রহমান দিনাজপুরের কাহারোল উপজেলায় দেশের ৫৩টি খালের খনন কর্মসূচির উদ্বোধন করবেন। প্রধানমন্ত্রী সকাল ৯টায় রাজধানী থেকে বিমানযোগে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছবেন এবং সেখান থেকে সড়কপথে দিনাজপুরের দিকে রওনা হবেন।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রধানমন্ত্রী কাহারোল উপজেলার বলরামপুর সাহাপাড়ায় ১২ কিলোমিটার খাল পুনঃখনন কাজের মাধ্যমে একযোগে দেশের ৫৩টি খালের খনন কর্মসূচি উদ্বোধন করবেন। এরপর সেখানে একটি সমাবেশে বক্তব্য রাখবেন। উদ্বোধনী অনুষ্ঠান শেষে তিনি দিনাজপুর শহরের ফরিদপুর গোরস্তানে নিকট আত্মীয়দের কবর জিয়ারত করবেন এবং স্থানীয় সুধীজন ও রাজনৈতিক নেতাদের সঙ্গে ইফতারে অংশ নেবেন।
এ কর্মসূচি বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে হাতে নেওয়া হয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় খনন করা অনেক খাল এখন ভরাট অবস্থায় রয়েছে। খাল পুনঃখননের মাধ্যমে সেচ ব্যবস্থা উন্নয়ন, মাছ চাষ, হাঁস পালনসহ খালনির্ভর অর্থনীতি শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হয়েছে।
গত শুক্রবার সাহাপাড়া-বলরামপুর খাল পরিদর্শন শেষে মহিলা ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন বলেন, ১২ কিলোমিটার দীর্ঘ এই খাল খননের ফলে প্রায় সাড়ে তিন লাখ মানুষ উপকৃত হবেন। এতে অতিরিক্ত বন্যা থেকে সুরক্ষা মিলবে এবং শুষ্ক মৌসুমে সেচের সুবিধা পাওয়া যাবে।
জাহিদ হোসেন আরও জানান, খননের পাশাপাশি খালের পাড় রক্ষা, বাঁধ নির্মাণ এবং বৃক্ষরোপণ কর্মসূচিও নেওয়া হবে। খালের পানি বৈজ্ঞানিকভাবে ব্যবহার নিশ্চিত করা হবে, যা কৃষি উৎপাদন বৃদ্ধি ও স্থানীয় মানুষের অর্থনৈতিক উন্নয়নে সহায়ক হবে।
বর্তমান সরকার আগামী পাঁচ বছরে দেশব্যাপী ২০ হাজার কিলোমিটার নদী, নালা, খাল ও জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচি বাস্তবায়ন করবে। প্রথম পর্যায়ে ৫৪টি জেলায় এই কর্মসূচি শুরু হবে। প্রধানমন্ত্রী ১৬ মার্চ দিনাজপুরের কাহারোল উপজেলায় খাল খননের মাধ্যমে এই জাতীয় কর্মসূচি উদ্বোধন করবেন। একই সঙ্গে আরও ৫৩টি জেলায় মন্ত্রী, উপদেষ্টা, জাতীয় সংসদের চিফ হুইপ, প্রতিমন্ত্রী, হুইপ ও সংসদ সদস্যরা স্থানীয়ভাবে উদ্বোধন করবেন।
এই উদ্যোগ কৃষি ও সেচ কার্যক্রমে ইতিবাচক প্রভাব ফেলবে, কৃষি উৎপাদন বৃদ্ধি করবে এবং গ্রামীণ জনগণের কর্মসংস্থান সৃষ্টিতে সহায়ক হবে। এছাড়া ভূ-উপরিস্থ পানির পরিমাণ বৃদ্ধি পেয়ে ভূগর্ভস্থ পানির ওপর নির্ভরতা কমবে, যা খরা, বন্যা এবং জলাবদ্ধতা কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
মোহাম্মদী নিউজ এজেন্সী নিউজ – ফিচার – ফটো নেটওয়ার্ক

