Don't Miss
Home / অর্থনীতি / রপ্তানি খাতকে আরও শক্তিশালী করতে নীতিগত সহায়তা দেওয়ার ঘোষণা অর্থমন্ত্রীর

রপ্তানি খাতকে আরও শক্তিশালী করতে নীতিগত সহায়তা দেওয়ার ঘোষণা অর্থমন্ত্রীর

অর্থনৈতিক প্রতিবেদক

রাজধানীতে অনুষ্ঠিত জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) পরামর্শক কমিটির ৪৬তম সভায় সম্ভাবনাময় রপ্তানি খাতকে আরও শক্তিশালী করার লক্ষ্যে নীতিগত সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, তৈরি পোশাক (আরএমজি) খাতের মতো অন্যান্য সম্ভাবনাময় রপ্তানি খাতকেও বন্ড সুবিধাসহ বিভিন্ন প্রণোদনা দেওয়া হবে, যাতে দেশের রপ্তানি বহুমুখীকরণ ত্বরান্বিত হয়।

বুধবার (২৯ এপ্রিল) সকালে রাজধানীর একটি হোটেলে আয়োজিত এ সভার আয়োজন করে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এবং এফবিসিসিআই। সভায় সভাপতিত্ব করেন এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান।

অর্থমন্ত্রী বলেন, সরকার দায়িত্ব নেওয়ার অল্প সময়ের মধ্যেই ব্যবসায়ী ও সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে ধারাবাহিক আলোচনা শুরু করেছে। তিনি উল্লেখ করেন, তৈরি পোশাক খাত বর্তমানে ভালো করলেও অন্যান্য খাত কেন পিছিয়ে রয়েছে, তা বিশ্লেষণ করে প্রয়োজনীয় নীতিগত সহায়তা দেওয়া হবে।

তিনি আরও বলেন, “প্রাইভেট সেক্টরই অর্থনীতির মূল চালিকাশক্তি। তাদের সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানে আমরা অগ্রাধিকার দিচ্ছি।”

বড় ব্যবসায়ীদের মূলধন সংকটের বিষয়টি আন্তর্জাতিক উন্নয়ন অংশীদারদের কাছে তুলে ধরা হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, বিশ্বব্যাংকসহ সংশ্লিষ্ট সংস্থার সঙ্গে এ বিষয়ে আলোচনা চলছে।

একইসঙ্গে ‘ইজ অব ডুয়িং বিজনেস’ সূচকে উন্নতি আনতে বিভিন্ন প্রশাসনিক জটিলতা দূর করার উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি। তার ভাষায়, “ব্যবসা করতে যত বাধা আছে, আমরা ধাপে ধাপে তা সরিয়ে দিতে চাই।”

এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান বলেন, ব্যবসায়ীদের প্রবৃদ্ধি নিশ্চিত করা গেলে দেশের অর্থনীতিও এগিয়ে যাবে। তিনি জানান, নতুন উদ্যোক্তাদের জন্য কর প্রক্রিয়া সহজ করা, রাজস্ব কমপ্লায়েন্স উন্নত করা এবং কর ব্যবস্থাকে আরও ব্যবসাবান্ধব করার লক্ষ্যে কাজ চলছে।

তিনি আরও বলেন, “ট্যাক্সের আওতা বাড়ানো প্রয়োজন, তবে তা হতে হবে সহজ ও ন্যায্য প্রক্রিয়ার মাধ্যমে, যাতে বৈষম্য কমে।”

সভায় ব্যবসায়ী নেতাদের উত্থাপিত বিভিন্ন দাবি ও প্রস্তাব গুরুত্ব সহকারে বিবেচনার আশ্বাস দিয়ে এনবিআর চেয়ারম্যান বলেন, আগামী জাতীয় বাজেটে ট্যাক্স ও ডিউটি কাঠামোকে যতটা সম্ভব সহায়ক করা হবে।

অতিরিক্ত নিয়ন্ত্রণ বা জটিল বিধিনিষেধ রয়েছে এমন খাতগুলো পর্যালোচনা করে ধাপে ধাপে সংস্কার আনার কথাও জানান তিনি।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে ছিলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। এছাড়া এফবিসিসিআই প্রশাসক আব্দুর রহিম খানের পরিচালনায় অনুষ্ঠিত এ সভায় দেশের শীর্ষ ব্যবসায়ী ও বিভিন্ন খাতের প্রতিনিধিরা অংশ নেন।

সংশ্লিষ্টরা মনে করছেন, সরকারের এই উদ্যোগ বাস্তবায়িত হলে তৈরি পোশাক খাতের ওপর নির্ভরতা কমে দেশের রপ্তানি খাত আরও বৈচিত্র্যময় হবে। পাশাপাশি ব্যবসা পরিবেশ সহজীকরণ ও কর ব্যবস্থার সংস্কার বিনিয়োগ বৃদ্ধিতে ইতিবাচক প্রভাব ফেলতে পারে।

x

Check Also

কর কর্মকর্তাদের সততা, নৈতিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান রিহ্যাবের

এমএনএ প্রতিবেদক কর কর্মকর্তাদের সততা, স্বচ্ছতা ও নৈতিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ রিয়েল ...