Don't Miss
Home / আজকের সংবাদ / অধ্যাপক জাফর ইকবালকে প্রাণনাশের যতো হুমকি

অধ্যাপক জাফর ইকবালকে প্রাণনাশের যতো হুমকি

এমএনএ রিপোর্ট : সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং জনপ্রিয় লেখক মুহম্মদ জাফর ইকবাল ও তার স্ত্রী অধ্যাপক ইয়াসমিন হককে এর আগেও হত্যার হুমকি দেয়া হয়েছে। ২০১৬ সালের ১২ অক্টোবর (বুধবার) জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের নামে এই শিক্ষক দম্পতিকে মুঠোফোনের খুদে বার্তায় হত্যার হুমকি দেয়া হয়।
সেখানে লেখা ছিল, ‘welcome to Our new top list! Your breath may stop at anytime. ABT’। একই তারিখ রাত ২টা ৩১ মিনিটে মুহম্মদ জাফর ইকবালের মুঠোফোনেও হুমকি দিয়ে একটি খুদে বার্তা আসে। এতে লেখা ছিল, ‘Hi Unbeliever! We will strangulate you soon’।
এ ঘটনায় ১৪ অক্টোবর (শুক্রবার) বিকেলে তাঁরা সিলেট মহানগরের জালালাবাদ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। সেসময় পুলিশ জানায়, গত ১২ অক্টোবর (বুধবার) মুহম্মদ জাফর ইকবাল ও তাঁর স্ত্রী ইয়াসমিন হককে ০১৬২৯৯৬৭৫৫১ নম্বর থেকে মুঠোফোনের খুদে বার্তার মাধ্যমে হুমকি দেয়া হয়। জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের নামে এই হুমকি দেয়া হয়। এ ঘটনায় মুহম্মদ জাফর ইকবাল একটি জিডি করেছেন। এরপর তাঁদের বাসভবনে সশস্ত্র পুলিশ পাহারা বসানো হয়েছে। এর আগেও বেশ কয়েকবার মুহম্মদ জাফর ইকবালকে হত্যার হুমকি দিয়েছিল বিভিন্ন উগ্রবাদী সংগঠন।
এর আগে, নিজের বিশ্ববিদ্যালয়ে প্রশাসনিক ভবনের সামনে উপাচার্যবিরোধী শিক্ষকদের জোট ‘মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষক পরিষদ’ এর অবস্থান কর্মসূচিতে হামলার শিকার হন এই দম্পতি। ২০১৫ সালের ১২ এপ্রিলে শুরু হওয়া ওই আন্দোলনে যোগ দেওয়ায় উপাচার্য সমর্থিত ছাত্রদের হামলায় অধ্যাপক ইয়াসমিন হক মাটিতে পড়ে যান বলেও জানা যায়। সেসময় ক্ষুব্ধ জাফর ইকবাল বলেছিলেন, ‘এখানে যে ছাত্ররা শিক্ষকদের উপর হামলা চালিয়েছে, তারা আমার ছাত্র হয়ে থাকলে আমার গলায় দড়ি দিয়ে মরে যাওয়া উচিৎ।’
শুধু তাই নয়, অধ্যাপক জাফর ইকবাল সিলেটের স্থানীয় জনপ্রতিনিধিদের রোষানলেও পড়েছেন বহুবার। তাকে সিলেট বিদ্বেষী আখ্যা দিয়ে চাবুক মারার হুমকি দিয়েছিলেন এক প্রভাবশালী নেতা। তিনি বলেছিলেন, ‘আমি যদি বড় কিছু হতাম তাহলে জাফর ইকবালকে কোর্ট পয়েটে ধরে এনে চাবুক মারতাম।’
উল্লেখ্য, গতকাল ৩ মার্চ শনিবার বিকেলে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) ক্যাম্পাসে মুক্তমঞ্চে ইলেকট্রিকাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং (ইইই) ফেস্টিভ্যালের সমাপনী অনুষ্ঠান চলাকালে হামলার শিকার হন দেশের বিশিষ্ট লেখক ও শিক্ষাবিদ এবং শাবিপ্রবির অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল। এ ঘটনায় তিনি মাথা ও হাতে চারটি আঘাত পেয়েছেন এবং তার শরীরে ২৬টি সেলাই পড়েছে বলে জানা গেছে। তবে তিনি এখন শঙ্কামুক্ত বলে জানিয়েছেন তার চিকিৎসকেরা।
x

Check Also

ব্যাংক রেজুলেশন আইন ২০২৬ দুর্নীতি সহায়ক, লুটেরাদের পুনর্বাসন আত্মঘাতী: টিআইবি

অর্থনৈতিক প্রতিবেদক সদ্য পাস হওয়া ব্যাংক রেজুলেশন আইন, ২০২৬ নিয়ে কঠোর সমালোচনা করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনার ...