Don't Miss
Home / আজকের সংবাদ / অবশেষে টেস্ট দলে ফিরলেন মুমিনুল

অবশেষে টেস্ট দলে ফিরলেন মুমিনুল

এমএনএ স্পোর্টস ডেস্ক : টেস্ট দল থেকে বাদ পড়ায় নানা আলোচনা, সমালোচনা এবং তর্ক-বিতর্ক যখন তুঙ্গে, ঠিক তখনই দলে ফিরলেন মুমিনুল। সেই বিতর্ক কিছুটা হলেও স্তমিত হয়েছে। মিডল অর্ডার ব্যাটসম্যান মোসাদ্দেক হোসেনের চোখের সংক্রমণ না সারায় বাদ দেওয়ার ২৪ ঘণ্টার মধ্যে দলে ফেরানো হলো তাঁকে।

গতকাল শনিবার মুমিনল এবং মাহমুদউল্লাহকে বাদ দিয়ে মিরপুর টেস্টের জন্য ১৪ সদস্যের দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। একদিন পরই মোসাদ্দেকের ইনজুরিতে কপাল খুলে মুমিনুলের।

এই বাঁ হাতি ব্যাটসম্যানকে বাদ দিয়ে গতকালই প্রশ্নবাণের সামনে পড়েছিলেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন।

টেস্ট ক্রিকেটে বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্য সবচেয়ে বেশি ব্যাটিং গড় মুমিনুলের। কিন্তু দুটি টেস্টে খারাপ করার কারণে তাঁকে দল থেকে বাদ দিয়ে দেওয়া স্বাভাবিকভাবেই প্রশ্নের জন্ম দিয়েছিল। গত মার্চে শ্রীলঙ্কার বিপক্ষে দুই টেস্টের সিরিজে প্রথম টেস্টে খেললেও দ্বিতীয় টেস্টে একাদশের বাইরে রাখা হয় তাঁকে। তবে ২০১৩ সালে টেস্ট অভিষেকের পর গতকালই প্রথম জাতীয় দল থেকে বাদ পড়েছিলেন তিনি। তবে মোসাদ্দেকের চোখের সমস্যা সেটি হতে দিল না। মুমিনুলকে দলে ফিরিয়ে ঝড়টা আপাতত থামিয়ে দিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান।

মুমিনুল কেন দলে নেই—এ নিয়ে চারদিক তোলপাড় হওয়ায় আজ বিকেলে নির্বাচক ও বাংলাদেশ টিম ম্যানেজমেন্টের সঙ্গে এক সভায় বসেছিলেন বিসিবি সভাপতি। মুমিনুলের অন্তর্ভুক্তির সিদ্ধান্ত হয়েছে সেখানেই। তবে স্কোয়াড ১৪ জনেরই থাকছে।

গত মার্চে শ্রীলঙ্কার বিপক্ষে গল টেস্টের দুই ইনিংসে যথাক্রমে ৭ ও ৫ রান করেছিলেন মুমিনুল। এর আগে ভারতের বিপক্ষে হায়দরাবাদ টেস্টের দুই ইনিংসে করে ১২ ও ২৭ রান। ব্যাট হাতে এমন ব্যর্থতার কারণেই মিরপুর টেস্টের দলে উপেক্ষিত থাকেন বাংলাদেশের ব্রাডম্যান।

বাংলাদেশের হয়ে সাদা পোশাকের ক্রিকেটে টানা ১১ ম্যাচে হাফসেঞ্চুরির অসাধারণ রেকর্ড দখলে মুমিনুলের। একসময় তার ব্যাটিং গড় ৬০’র কাছাকাছি ছিল। কিন্তু গত কয়েকটি টেস্টে ব্যাট হাতে ব্যর্থতায় কারণে গড়টা পঞ্চাশের নিচে নেমে আসে। তারপরও মাত্র দুই টেস্টের ব্যর্থতায় বাংলাদেশের সর্বোচ্চ গড়ের অধিকারী ব্যাটসম্যানকে বাদ দেয়াটা মেনে নিতে পারেননি ক্রিকেট বিশ্লেষক, বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার এবং সমর্থকরা। মোসাদ্দেকের চোখের সংক্রমণ না সারায় একদিন পরই মুমিনুল টেস্ট দলে ফেরায় সমালোচনা অনেকটাই স্থিমিত হতে শুরু করেছে।

গতকাল শনিবার মুমিনুলকে বাদ দেয়া নিয়ে প্রশ্ন করা হলে বেশ বিরক্তি নিয়ে বাংলাদেশ জাতীয় দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে বলেছিলেন, ‘বাংলাদেশ ক্রিকেট মানেই কেবল মুমিনুল নয়। এটা ১১ জন ক্রিকেটারের দল, যারা ম্যাচ জয়ে চেষ্টা করছে। আপনারা একজন-দুজনকে নিয়ে বেশি চিন্তিত। আমরা কোনো ক্রিকেটারকে ভিন্ন দৃষ্টিতে দেখছি না। সবাইকে সমানভাবে বিবেচনা করি।’

এরপর মুমিনুলের বাদ পড়ার কারণ সম্পর্কে জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘পারফরম্যান্সের ধারাবাহিকতা বিবেচনায় এনে দল নির্বাচন করা হয়। কিছু ছেলে গত টেস্টের পারফরম্যান্সের কারণে বাদ পড়েছে। আমি কারো নাম মেনশন করতে চাইছি না। কিন্তু আমার কাছে টিমই গুরুত্বপূর্ণ।’

বাংলাদেশের চূড়ান্ত স্কোয়াড: তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, মুশফিকুর রহিম (অধিনায়ক), সাকিব আল হাসান, মুমিনুল হক, লিটন দাস, নাসির হোসেন, মেহেদী মিরাজ, মোস্তাফিজুর রহমান, শফিউল ইসলাম, তাসকিন আহমেদ, তাইজুল ইসলাম।

x

Check Also

ব্যাংক রেজুলেশন আইন ২০২৬ দুর্নীতি সহায়ক, লুটেরাদের পুনর্বাসন আত্মঘাতী: টিআইবি

অর্থনৈতিক প্রতিবেদক সদ্য পাস হওয়া ব্যাংক রেজুলেশন আইন, ২০২৬ নিয়ে কঠোর সমালোচনা করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনার ...