অবস্থান, অনশন ও মানববন্ধন করবে বিএনপি
Posted by: News Desk
February 10, 2018
এমএনএ রিপোর্ট : দুর্নীতির মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে সাজা দেওয়ার প্রতিবাদে দলের পক্ষ থেকে তিন দিনের নতুন কর্মসূচি ঘোষণা করা হয়েছে, এর মধ্যে রয়েছে অবস্থান, অনশন ও মানববন্ধন।
দুদিন কর্মসূচির পর আজ শনিবার বিকেলে রাজধানীর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
ঘোষিত কর্মসূচি অনুযায়ী- আগামী সোমবার মানববন্ধন, মঙ্গলবার অবস্থান এবং বুধবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত অনশন।
রিজভী বলেন, অবস্থান কর্মসূচি হবে এক ঘণ্টা। জেলাগুলো সুবিধামত সময়ে তা করবে। ঢাকার অবস্থান স্থান পরে জানানো হবে।
খালেদা জিয়া কারাগারে যাওয়ার আগে দলীয় নেতাদের শান্তিপূর্ণ কর্মসূচি দেওয়ার নির্দেশনা দিয়ে গিয়েছিলেন।
জিয়া এতিমখানা দুর্নীতির মামলায় তাকে শাস্তি দিয়ে গত বৃহস্পতিবার কারাগারে পাঠানোর পর বিএনপি দুই দুদিনের বিক্ষোভ কর্মসূচি দিয়েছিল।
পুলিশের বাধার মুখে ওই কর্মসূচি ঠিকভাবে পালন করতে না পারার পর নতুন কর্মসূচি দিল দলটি। এছাড়া করণীয় নির্ধারণে আজ শনিবার সন্ধ্যায় বৈঠকে বসছেন কেন্দ্রীয় নেতারা।
গত ৩০ জানুয়ারি থেকে এই পর্যন্ত ৪ হাজার ২০০ জনের বেশি বিএনপি নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে বলে দাবি করেন রিজভী।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আতাউর রহমান ঢালী, আবদুল হালিম ডোনার, কেন্দ্রীয় নেতা রফিকুল কবির, তাইফুল ইসলাম টিপু, বেলাল আহমেদ, আমিনুল ইসলাম উপস্থিত ছিলেন।
গত জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায়ে খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেন ঢাকার পঞ্চম বিশেষ জজ আদালত। তারেক রহমানসহ অন্য ৫ আসামিকে দেওয়া হয় ১০ বছরের কারাদণ্ড।
বয়স বিবেচনায় খালেদা জিয়ার সাজা কমানো হয় বলে রায়ে উল্লেখ করে আদালত। কারাদণ্ডের পাশাপাশি সব আসামিকে দুই কোটি ১০ লাখ ৭১ হাজার টাকা অর্থদণ্ডও দেয়া হয়।
রায় ঘোষণার কিছুক্ষণ পরই পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের পুরনো কারাগারে নিয়ে যাওয়া হয় বিএনপি চেয়ারপারসনকে।
পরে এক সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাজার রায়ের প্রতিবাদে শুক্র ও শনিবার সারাদেশে বিক্ষোভ ও প্রতিবাদের কর্মসূচি ঘোষণা করেন।
বিএনপি করবে অনশন অবস্থান মানববন্ধন 2018-02-10