আমাকে হত্যার উদ্দেশে হামলা হয়েছে : উপাচার্য
Posted by: News Desk
April 9, 2018
এমএনএ রিপোর্ট : ঢাকা বিশ্ববিদ্যালয়ে উপাচার্য মো. আখতারুজ্জামান বলেছেন, কোটার সঙ্গে আমার কোনো সংযোগ নেই। এর পরও হামলা করা হয়েছে। আমাকে হত্যার উদ্দেশ্যেই এ হামলা চালানো হয়েছে।
আজ সোমবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।
উপাচার্য বলেন, আমি উদ্যোগ নিয়ে শিক্ষার্থীদের কোটার বিষয়টি সরকারের উচ্চপর্যায়ে আলোচনার ব্যবস্থা করেছি। শিক্ষার্থীদের বক্তব্য তাদের জানানো হয়েছে। এর পরও আমার বাসায় তাণ্ডব পরিচালিত হয়েছে। এটি ভাষায় প্রকাশ করার মতো নয়। সেখানে আমার পরিবার ছিল। তাদের জীবন ঝুঁকিতে ছিল। সবাইকে মেরে ফেলার চেষ্টা ছিল। কিছু ছাত্র আমার প্রাণ রক্ষা করেছে। এখানে লাশের রাজনীতি ছিল। এখানে আমাকে হত্যার পরিকল্পনা থেকে এ হামলা করা হয়েছে।
তার মতে, প্রশিক্ষিত হামলাকারীরা প্রাণনাশের উদ্দেশেই এই হামলা চালিয়েছে।
উপাচার্য বলেন, রাতে যে তাণ্ডব চালানো হয়েছে, তাতে কোনো শিক্ষার্থী সংশ্লিষ্ট নয়। একটি প্রশিক্ষিত ও সন্ত্রাসী গোষ্ঠী লাশের রাজনীতির জন্য এ তাণ্ডব চালিয়েছে। দেশকে অস্থিতিশীল করতে এসেছিল।
তিনি বলেন, হামলার ঘটনায় অনেক প্রাণহানি ঘটতে পারত। আন্দোলনরত ব্যক্তিরা ৪০-৪৫ মিনিট চেষ্টার মাধ্যমে দরজা ভেঙেছে। আমি নিজের নিরাপত্তার কথা ভুলে শিক্ষার্থীদের অবস্থা দেখার জন্য বারান্দায় এসে দাঁড়িয়েছিলাম। এ জন্য বেঁচে গেছি। বেডরুমে থাকলে আমি মারা যেতাম।
হামলাকারীদের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নেয়া হবে কিনা জানতে চাইলে আখতারুজ্জামান বলেন, আইন নিজের গতিতে চলবে। বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।
কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীরা গত রবিবার গভীর রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির বাসভবনে ব্যাপক তছনছ ও ভাঙচুর চালান। এছাড়া তারা বাসভবনের বাইরে থাকা ভাঙা আসবাবপত্র জড়ো করে তাতে আগুন ধরিয়ে দেয়। পরে বাসভবনের সামনে রাখা গাড়িতে অগ্নিসংযোগ করেন বিক্ষুব্ধরা।
রাত দেড়টা থেকে ২টার মধ্যে আন্দোলনকারী শিক্ষার্থী ও পুলিশের মধ্যে সংঘর্ষ ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুরো ক্যাম্পাসে ছড়িয়ে পড়ে।
উল্লেখ্য, কোটা সংস্কারের দাবিতে রাজধানীর শাহবাগে গত রবিবার রাজপথ অবরোধকারী শিক্ষার্থীদের পুলিশ কাঁদানে গ্যাস ও রাবার বুলেট ছুড়ে তুলে দেওয়ার পর রাতে আন্দোলনকারীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনে হামলা চালায়।
উপাচার্য উদ্দেশে হয়েছে আমাকে হত্যার হামলা 2018-04-09