শিক্ষার্থীদের মিছিলে ফের উত্তপ্ত ঢাবি ক্যাম্পাস
Posted by: News Desk
April 9, 2018
এমএনএ ক্যাম্পাস রিপোর্ট : সরকারি চাকরিতে কোটা পদ্ধতির সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের মিছিলে ফের উত্তেজনা বিরাজ করছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। আজ সোমবার যতই বেলা বাড়ছে ততই উত্তপ্ত হয়ে উঠছে ক্যাম্পাস। এ সময় আন্দোলনকারীরা স্লোগানে স্লোগানে ঢাবি ক্যাম্পাস প্রকম্পিত করে তুলছেন।
আন্দোলনকারী শিক্ষার্থীরা পৌনে ১২টার দিকে দোয়েল চত্বর থেকে মিছিল সহকারের টিএসসির হয়ে কার্জন হলের সামনে অবস্থান নেয়। এখানে অন্যান্য দিকে থেকেও ছাত্ররা জড়ো হয়ে পড়ে কেন্দ্রীয় শহীদ মিনার সড়ক হয়ে আবারও দোয়েল চত্বর দিকে যান।
মিছিলে অংশ নিয়েছে কয়েক হাজার শিক্ষার্থী। তবে শিক্ষার্থী পুলিশের অবস্থানের দিকে যাননি। সময় ব্যবধানে শিক্ষার্থীদের সংখ্যা বাড়ছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্র (টিএসসি) ঘিরে চারটি রাস্তাই বন্ধ করে দিয়েছেন। এতে টিএসসি থেকে শাহবাগ, দোয়েল চত্বর, ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল ও নীলক্ষেত-নিউমার্কেটমুখী চারটি রাস্তাতেই যান চলাচল বন্ধ হয়ে গেছে। তবে শিক্ষার্থীদের সরিয়ে দিতে কাঁদানে গ্যাস ছুড়ছে পুলিশ। সে কারণে ফের পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে।
আজ সোমবার দুপুর দেড়টার পর আন্দোলনকারী শিক্ষার্থীরা ব্যারিকেড দিয়ে টিএসসির চার দিকের রাস্তা বন্ধ করে দেন। এসময় গণমাধ্যমের গাড়িসহ সব ধরনের যানবাহন ঘুরিয়ে দেওয়া হয়। ঘুরিয়ে দেওয়া হয় অ্যাম্বুলেন্সও।
খানিকবাদে শিক্ষার্থীদের সরিয়ে দিতে পুলিশ সদস্যরা কাঁদানে গ্যাস ছুড়লে তাদের লক্ষ্য করে ইট-পাটকেল ছুড়ে আন্দোলনকারীরা। প্রতিবেদন লেখা পর্যন্ত পুলিশের অবস্থান দেখা যায় বাংলা একাডেমির সামনে, আর শিক্ষার্থীরা রয়েছেন টিএসসি মোড়ে।
গতকাল রবিবার রাত থেকে আজ সোমবার সকাল পর্যন্ত দফায় দফায় হামলা ও নির্যাতনের মুখে পিছু হটার পর আবারও ঢাকা বিশ্ববিদ্যালয়ে মিছিল করেছেন কোটা সংস্কার আন্দোলনকারীরা।
আজ সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে শত শত শিক্ষার্থী মিছিল নিয়ে শাহবাগ ঘুরে ক্যাম্পাসে আসেন।
তারা এখন টিএসসিতে অবস্থান নিয়ে কোটা সংস্কারের দাবিতে বিভিন্ন স্লোগান দিচ্ছেন। মিছিলে বিশ্ববিদ্যালয়ের বিপুলসংখ্যক ছাত্রীও অংশ নিয়েছেন।
এর আগে এক সংবাদ সম্মেলনে সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ দুপুরের মধ্যে আটক হওয়া আন্দোলনকারীদের মুক্তি দেয়ার দাবি জানায়।
তা না হলে সারা দেশে আন্দোলনের দাবানল ছড়িয়ে দেয়ার ঘোষণা দেন সংগঠনটির যুগ্ম আহ্বায়ক মো. রাশেদ খান।
তিনি বলেন, আমরা পুলিশের মহাপরিদর্শককে (আইজিপি) বলতে চাই, যারা আন্দোলন করছেন, তারা আপনার ভাই বা সন্তানের মতো। তারা কারও বিরুদ্ধে আন্দোলন করছেন না। তারা অধিকারের প্রশ্নে আন্দোলন করছেন। তাই আজ দুপুরের মধ্যেই আটক ব্যক্তিদের মুক্তি দেন। তা না হলে সারা দেশে দাবানল ছড়িয়ে পড়বে।
জানা গেছে, গতকাল রবিবার রাতভর কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ ও ছাত্রলীগের দফায় দফায় সংঘর্ষ হয়।
সোমবার সকালে আন্দোলনরত শিক্ষার্থীরা শহীদুল্লাহ হলে জড়ো হলে সেখানে ছাত্রলীগ তাদের ওপর হামলা চালায়। এ সময় আন্দোলনকারীরা তাদের ধাওয়া করে দোয়েল চত্বর পর্যন্ত নিয়ে আসেন।
এর পর সেখানে সড়কে অবস্থান নিয়ে কোটা সংস্কারের দাবিতে বিক্ষোভ করতে থাকেন তারা। সকাল সাড়ে ৭টায় তাদের ছত্রভঙ্গ করতে লাঠিপেটা ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করা হলে উভয়পক্ষে সংঘর্ষ হয়। পরে আন্দোলনকারীরা পিছু হটে হলে ফিরে যান। সকাল ৯টার দিকে পুলিশের পক্ষ থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার কথা বলা হয়।
তবে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরতদের ওপর পুলিশের হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি নিয়ে শিক্ষার্থীরা ক্যাম্পাসে ফিরে আসেন।
বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের সায়েন্স অ্যানেক্স ভবনের সামনে ভূগোল ও পরিবেশ বিভাগসহ কয়েকটি বিভাগের শিক্ষার্থীরা এতে অংশ নেন।
পরে সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতারা কেন্দ্রীয় লাইব্রেরির সামনে সংবাদ সম্মেলনে আসেন। সেখান থেকে মিছিল বের করেন শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের ঢাবি ক্যাম্পাস ফের মিছিলে উত্তপ্ত 2018-04-09