একুশে পদক পেলেন ২১ বিশিষ্ট নাগরিক
Posted by: News Desk
February 6, 2019
এমএনএ রিপোর্ট : জাতীয় পর্যায়ে বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের জন্য দেশের ২১ জন বিশিষ্ট নাগরিককে একুশে পদক-২০১৯ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
আজ বুধবার বিকেলে সংস্কৃতি মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।
আগামী ২০ ফেব্রুয়ারি রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে আয়োজিত এক অনুষ্ঠানে এ পদক তুলে দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানটির আয়োজন করবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়।
ভাষা আন্দোলন, শিল্পকলা, গবেষণা, ভাষা ও সাহিত্যে বিশেষ অবদানের জন্য ২১ জনকে এই পদক দেওয়া হচ্ছে। তাদের মধ্যে দুজনকে দেওয়া হবে মরণোত্তর পদক।
এ বছর একুশে পদকের জন্য মনোনীত বিশিষ্ট ব্যক্তিরা হলেন- অধ্যাপক হালিমা খাতুন (ভাষা আন্দোলন- মরণোত্তর), অধ্যাপক গোলাম আরিফ টিপু (ভাষা আন্দোলন), অধ্যাপক মনোয়ারা ইসলাম (ভাষা আন্দোলন), সুবীর নন্দী (শিল্পকলা- সঙ্গীত), প্রয়াত আজম খান (শিল্পকলা- সঙ্গীত- মরণোত্তর), খায়রুল আনাম শাকিল (শিল্পকলা -সঙ্গীত), লাকী ইনাম (শিল্পকলা- অভিনয়), সুবর্ণা মুস্তাফা (শিল্পকলা- অভিনয়), লিয়াকত আলী খান (শিল্পকলা- অভিনয়), সাইদা খানম (শিল্পকলা- আলোকচিত্র), জামালা উদ্দিন আহমেদ (শিল্পকলা- চারুকলা), ক্ষিতীন্দ্র চন্দ্র বৈশ্য (মুক্তিযুদ্ধ), ডক্টর বিশ্বজিৎ ঘোষ (গবেষণা), ড. মাহবুবুল হক (গবেষণা), ড. প্রণব কুমার বড়ুয়া (শিক্ষা), রিজিয়া রহমান (ভাষা ও সাহিত্য), ইমদাদুল হক মিলন ( ভাষা ও সাহিত্য), অসীম সাহা ( ভাষা ও সাহিত্য), আনোয়ারা সৈয়দ হক (ভাষা ও সাহিত্য), মইনুল আহসান সাবের (ভাষা ও সাহিত্য) ও হরিশংকর জলদাস (ভাষা ও সাহিত্য)।
পদক প্রাপ্ত প্রত্যেককে ৩৫ গ্রাম ওজনের একটি স্বর্ণপদক, এককালীন দুই লাখ টাকা ও একটি সম্মাননা পত্র দেওয়া হবে।
ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে সরকার ১৯৭৬ সাল থেকে প্রতি বছর বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে এই পুরস্কার দিয়ে আসছে।
২১ বিশিষ্ট পদক পেলেন নাগরিক একুশে 2019-02-06