Don't Miss
Home / সারাদেশ / এপ্রিলে সারা দেশে ৫৮৬ দুর্ঘটনায় নিহত ৫৬৩

এপ্রিলে সারা দেশে ৫৮৬ দুর্ঘটনায় নিহত ৫৬৩

এমএনএ প্রতিবেদক

গত এপ্রিল মাসে দেশে সড়ক, রেল ও নৌপথ মিলিয়ে মোট ৫৮৬টি দুর্ঘটনায় ৫৬৩ জন নিহত এবং ১ হাজার ২৭৯ জন আহত হয়েছেন। এর মধ্যে শুধু সড়ক দুর্ঘটনাই ঘটেছে ৫২৭টি, যেখানে প্রাণ হারিয়েছেন ৫১০ জন এবং আহত হয়েছেন ১ হাজার ২৬৮ জন।

বুধবার (১৩ মে) বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরীর পাঠানো এক দুর্ঘটনা প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। সংগঠনটির দাবি, গণমাধ্যম পর্যবেক্ষণের মাধ্যমে এসব তথ্য সংগ্রহ করা হয়েছে। তবে প্রকৃত হতাহতের সংখ্যা আরও বেশি হতে পারে, কারণ অনেক ঘটনা সংবাদমাধ্যমে প্রকাশ পায় না।

প্রতিবেদন অনুযায়ী, এপ্রিল মাসে রেলপথে ৫৪টি দুর্ঘটনায় ৪৯ জন নিহত ও ১১ জন আহত হয়েছেন। এছাড়া নৌপথে ৫টি দুর্ঘটনায় ৪ জনের মৃত্যু হয়েছে।

বিভাগভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, সবচেয়ে বেশি সড়ক দুর্ঘটনা ঘটেছে চট্টগ্রাম বিভাগে। সেখানে ১৩৫টি দুর্ঘটনায় নিহত হয়েছেন ১৩৭ জন এবং আহত হয়েছেন ২৬৩ জন। অন্যদিকে সবচেয়ে কম দুর্ঘটনা ঘটেছে ময়মনসিংহ বিভাগে। এ বিভাগে ১৭টি দুর্ঘটনায় ১৮ জন নিহত ও ৬৪ জন আহত হয়েছেন।

দুর্ঘটনায় হতাহতদের পরিচয় বিশ্লেষণে দেখা যায়, আহতদের মধ্যে রয়েছেন আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য, চালক, পথচারী, পরিবহন শ্রমিক, শিক্ষার্থী, শিক্ষক, নারী, শিশু, চিকিৎসক, সাংবাদিক, আইনজীবী ও রাজনৈতিক দলের নেতাকর্মীরা। নিহতদের মধ্যেও বিভিন্ন পেশা ও শ্রেণিপেশার মানুষের উপস্থিতি রয়েছে। নিহতদের মধ্যে ৯৯ জন চালক, ৮২ জন পথচারী, ৫৬ জন শিক্ষার্থী, ৫২ জন নারী ও ৪৭ জন শিশু রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

দুর্ঘটনার ধরন বিশ্লেষণে সংগঠনটি জানিয়েছে, মোট সড়ক দুর্ঘটনার ৩৮ দশমিক ৫১ শতাংশ জাতীয় মহাসড়কে এবং ৩১ দশমিক ৪৯ শতাংশ আঞ্চলিক মহাসড়কে ঘটেছে। এছাড়া ২২ দশমিক ৯৬ শতাংশ দুর্ঘটনা ঘটেছে ফিডার রোডে। ঢাকা মহানগরীতে ঘটেছে ৫ দশমিক ৬৯ শতাংশ দুর্ঘটনা।

বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি বলছে, সড়ক দুর্ঘটনার প্রধান কারণগুলোর মধ্যে রয়েছে— মোটরসাইকেল ও ব্যাটারিচালিত যানবাহনের অনিয়ন্ত্রিত চলাচল, সড়কে পর্যাপ্ত রোড সাইন ও আলোকসজ্জার অভাব, নির্মাণ ত্রুটি, অদক্ষ চালক, ফিটনেসবিহীন যানবাহন, ট্রাফিক আইন অমান্য, উল্টোপথে গাড়ি চালানো, অতিরিক্ত যাত্রী বহন এবং দীর্ঘ সময় ধরে চালকদের গাড়ি চালানো।

সংগঠনটি সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে বেশ কিছু সুপারিশও করেছে। এর মধ্যে রয়েছে সড়কে প্রযুক্তির ব্যবহার বাড়ানো, দক্ষ চালক তৈরির উদ্যোগ নেওয়া, ডিজিটাল পদ্ধতিতে যানবাহনের ফিটনেস নিশ্চিত করা, মহাসড়কে আলোকসজ্জা ও সার্ভিস লেন নির্মাণ, চাঁদাবাজি বন্ধ করা, চালকদের কর্মঘণ্টা ও বেতন নিশ্চিত করা এবং নিয়মিত রোড সেফটি অডিট চালু করা। পাশাপাশি পরিবহন খাতে সুশাসন প্রতিষ্ঠা ও বিআরটিএর সক্ষমতা বৃদ্ধির ওপরও গুরুত্বারোপ করা হয়েছে।

x

Check Also

হামে বিপর্যস্ত শিশুরা, বাড়ছে মৃত্যু: শয্যাসংকটে হাসপাতাল, অসহায় মায়েদের দীর্ঘশ্বাস

এমএনএ প্রতিবেদক রাজধানীর মহাখালীতে অবস্থিত সংক্রামক ব্যাধি হাসপাতাল–এর শিশু ওয়ার্ডে এখন প্রতিদিনই ভিড় বাড়ছে হামে ...