Don't Miss
Home / আজকের সংবাদ / এপ্রিল মাসে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখল সরকার

এপ্রিল মাসে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখল সরকার

এমএনএ প্রতিবেদক

চলমান ইরান যুদ্ধের প্রভাবে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম অস্থিরতা দেখা দিলেও বাংলাদেশে এপ্রিল মাসে জ্বালানি তেলের মূল্য অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

মঙ্গলবার (৩১ মার্চ) জ্বালানি বিভাগ থেকে পাঠানো এক বার্তায় জানানো হয়েছে, ‘জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ নির্দেশিকা (সংশোধিত)’ অনুযায়ী ভোক্তা পর্যায়ে ডিজেলের দাম লিটারপ্রতি ১০০ টাকা, অকটেন ১২০ টাকা, পেট্রোল ১১৬ টাকা এবং কেরোসিন ১১২ টাকা বহাল রাখা হবে। নতুন এই মূল্য ১ এপ্রিল ২০২৬ থেকে কার্যকর হবে।

এর আগে, আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করে নতুন দাম ঘোষণা হতে পারে বলে তথ্য দেওয়া হয়েছিল। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের যুগ্মসচিব মনির হোসেন চৌধুরী বলেন, “সার্বিক পরিস্থিতি বিবেচনা করে সরকার চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেছে।”

তিনি আরও জানান, ৩০ মার্চ পর্যন্ত দেশে মোট এক লাখ ৯২ হাজার ৯১৯ টন জ্বালানি তেল মজুত রয়েছে, যা দেশের ১৫-১৬ দিনের চাহিদা পূরণে যথেষ্ট। এর মধ্যে রয়েছে ডিজেল এক লাখ ২৮ হাজার ৯৩৯ টন, অকটেন সাত হাজার ৯৪০ টন, পেট্রোল ১১ হাজার ৪৩১ টন এবং জেট ফুয়েল ৪৪ হাজার ৬০৯ টন।

মনির হোসেন চৌধুরী জানান, এপ্রিল মাসে আরও প্রায় দেড় লাখ টন ডিজেল দেশে আসার কথা রয়েছে। তিনি আশা প্রকাশ করেন, “জ্বালানি সংকটের কোনো আশঙ্কা নেই। দেশের মোট চাহিদার প্রায় ৬৩ শতাংশই ডিজেল, যা মূলত কৃষি ও গণপরিবহনে ব্যবহৃত হয়।”

এদিকে, সরকার জ্বালানি সাশ্রয়ে সাপ্তাহিক ছুটি বাড়ানো, অফিসের সময় কমানো এবং অনলাইন ক্লাস চালুর মতো উদ্যোগও বিবেচনা করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রয়োজনীয় প্রস্তুতিও নেওয়া হয়েছে বলে নিশ্চিত করা হয়েছে।

x

Check Also

ভোরের অঝোর বৃষ্টিতে জলাবদ্ধ ঢাকার বিভিন্ন সড়ক, আংশিক স্বস্তি—আবারও ভারী বৃষ্টির শঙ্কা

এমএনএ প্রতিবেদক শুক্রবার ভোর থেকেই টানা অঝোর বৃষ্টিতে রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। ...