এমএনএ প্রতিবেদক
এ বছরের হজ ব্যবস্থাপনায় বাংলাদেশের দক্ষতা, সুশৃঙ্খলতা ও কার্যকর পদক্ষেপের প্রশংসা করেছেন সৌদি আরবের হজ ও উমরাহ মন্ত্রী ড. তৌফিক বিন ফাউজান আল রাবিয়াহ।
বুধবার সৌদি আরবের রিয়াদে দ্য পিলগ্রিমস এক্সপেরিয়েন্স প্রোগ্রাম সেন্টারে বাংলাদেশের ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)-এর সঙ্গে অনুষ্ঠিত দ্বিপক্ষীয় বৈঠকে তিনি এ প্রশংসা করেন।
বৈঠকে সৌদি হজ ও উমরাহ মন্ত্রী ২০২৬ সালের হজ ব্যবস্থাপনায় বাংলাদেশের সার্বিক সাফল্যের জন্য ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের কার্যক্রমের প্রশংসা করেন। তিনি ধর্মমন্ত্রীকে আন্তরিক নেতৃত্বের মাধ্যমে হজযাত্রীদের সেবা নিশ্চিত করার জন্য অভিনন্দন জানান এবং তার মাধ্যমে বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
ড. তৌফিক বিন ফাউজান আল রাবিয়াহ বলেন, বাংলাদেশের এবারের হজ ব্যবস্থাপনার দক্ষতা ও শৃঙ্খলা প্রশংসনীয়। তিনি আগামী দিনগুলোতে হজ ব্যবস্থাপনার আরও উন্নয়নে বাংলাদেশের সহযোগিতা কামনা করেন। পাশাপাশি ২০২৭ সালের হজ ব্যবস্থাপনা আরও আধুনিক ও উন্নত করতে সৌদি সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগের কথাও তুলে ধরেন।
বৈঠকে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) হজ ব্যবস্থাপনার উন্নয়নে সৌদি সরকারের গৃহীত পদক্ষেপের জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
তিনি বলেন, এবারের হজে হজযাত্রীদের নিরাপত্তা, যান চলাচল নিয়ন্ত্রণ, ভিড় ব্যবস্থাপনা, তথ্যপ্রযুক্তির ব্যবহার এবং মাশায়েরে হাজি সেবাসহ বিভিন্ন উদ্যোগ হজ পালনে সহায়ক পরিবেশ তৈরি করেছে।
এ জন্য তিনি সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ, ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান এবং সৌদি হজ ও উমরাহ মন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
ধর্মমন্ত্রী আশ্বাস দেন, আল্লাহর মেহমানদের সেবায় হজ ব্যবস্থাপনার উন্নয়নে বাংলাদেশ ভবিষ্যতেও সৌদি সরকারের পাশে থাকবে।
বৈঠকে সৌদিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ দেলওয়ার হোসেন, কাউন্সিলর (হজ) মো. কামরুল ইসলামসহ উভয় দেশের হজ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মোহাম্মদী নিউজ এজেন্সী নিউজ – ফিচার – ফটো নেটওয়ার্ক
