এমএনএ প্রতিবেদক
দেশের বৃহত্তম বেসরকারি ব্যাংক ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ এবং আমানতকারীদের স্বার্থ সুরক্ষায় একজন পর্যবেক্ষক নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
বুধবার (১০ জুন) বাংলাদেশ ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ধারা ৪৯(১)(ঘ)(আ) অনুযায়ী বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. আশ্রাফুল আলমকে ইসলামী ব্যাংকের পর্যবেক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পালনকালে মো. আশ্রাফুল আলম ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের সভাসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন কার্যক্রমে অংশ নেবেন। একই সঙ্গে ব্যাংকের সার্বিক কার্যক্রম সম্পর্কে বাংলাদেশ ব্যাংকের কাছে প্রয়োজনীয় তথ্য, মতামত ও পর্যবেক্ষণ উপস্থাপন করবেন।
বাংলাদেশ ব্যাংক বলেছে, দেশের ব্যাংকিং খাতে স্থিতিশীলতা, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে কেন্দ্রীয় ব্যাংক কাজ করে যাচ্ছে। ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগের মাধ্যমে ব্যাংকটির কার্যক্রমে শৃঙ্খলা ও আস্থা আরও বাড়বে বলে আশা করা হচ্ছে।
এর আগে ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদে পরিবর্তনকে কেন্দ্র করে ব্যাংকটির বিভিন্ন পর্যায়ে অস্থিরতার সৃষ্টি হয়। নতুন চেয়ারম্যান নিয়োগের পর কিছু গ্রাহকের মধ্যে আমানতের নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দেয়। এ সময় ব্যাংক থেকে উল্লেখযোগ্য পরিমাণ আমানত উত্তোলনের ঘটনাও ঘটে। ফলে ব্যাংকটির তারল্য পরিস্থিতি ও স্বাভাবিক কার্যক্রম নিয়ে ব্যাংকিং খাতে আলোচনা শুরু হয়।
দেশের বিভিন্ন ব্যাংকের প্রধান নির্বাহীরাও বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তাদের মতে, দেশের অন্যতম বৃহৎ শরিয়াহভিত্তিক ব্যাংক ইসলামী ব্যাংকের যেকোনো অস্থিতিশীলতা পুরো ব্যাংক খাতের ওপর প্রভাব ফেলতে পারে।
এ পরিস্থিতিতে বাংলাদেশ ব্যাংকের গভর্নর সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে আলোচনা করে পরিস্থিতি স্বাভাবিক রাখার উদ্যোগ নেওয়ার কথা জানান। এরই ধারাবাহিকতায় ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মোহাম্মদী নিউজ এজেন্সী নিউজ – ফিচার – ফটো নেটওয়ার্ক
