Don't Miss
Home / শিক্ষাঙ্গন / এমবিবিএসে দ্বিতীয়বার ভর্তি-ইচ্ছুকদের নম্বর কাটা যাবে

এমবিবিএসে দ্বিতীয়বার ভর্তি-ইচ্ছুকদের নম্বর কাটা যাবে

এমএনএ ক্যাম্পাস রিপোর্ট : ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষে এমবিবিএসে ভর্তি পরীক্ষায় দ্বিতীয়বার ভর্তি-ইচ্ছুকদের ৫ নম্বর কাটার সিদ্ধান্ত স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেছেন চেম্বার বিচারপতি।

ফলে এমবিবিএস-বিডিএস ভর্তি পরীক্ষায় দ্বিতীয়বার অংশগ্রহণকারীদের ৫ নম্বর কাটা যাবে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদনের শুনানি নিয়ে আজ বৃহস্পতিবার অবকাশকালীন চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ওই আদেশ দেন।

একই সঙ্গে আগামী ৩ অক্টোবর আবেদনটি আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠিয়ে দিয়েছেন অবকাশকালীন চেম্বার বিচারপতি।

এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে গত ১২ সেপ্টেম্বর বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্টের অবকাশকালীন দ্বৈত বেঞ্চ পাঁচ নম্বর কাটার সিদ্ধান্ত স্থগিত করেন। সিদ্ধান্তটি কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত হবে না, তা জানতে চেয়ে রুলও দেন আদালত।

স্বাস্থ্যসচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, পরিচালক (চিকিৎসাশিক্ষা ও স্বাস্থ্য জনশক্তি উন্নয়ন), বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে রুলের জবাব দিতে বলা হয়েছে।

হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ গতকাল বুধবার অবকাশকালীন চেম্বার বিচারপতির আদালতে আবেদন করে। আবেদনটি আজ শুনানির জন্য ওঠে।

আজ আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। পরে তিনি বলেন, হাইকোর্টের আদেশ স্থগিত করেছেন চেম্বার বিচারপতি। এর ফলে ভর্তি পরীক্ষায় দ্বিতীয়বার অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের প্রাপ্ত নম্বর থেকে ৫ নম্বর কাটা যাবে।

২০১৭-২০১৮ শিক্ষাবর্ষে এমবিবিএস ও বিডিএস কোর্সে প্রথম বর্ষে ভর্তির আবেদন আহ্বান করে গত ২১ আগস্ট পত্রিকায় বিজ্ঞপ্তি দেয় স্বাস্থ্য অধিদপ্তর। বিজ্ঞপ্তির ৬ নম্বর প্যারায় বলা হয়, ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষে এমবিবিএস বা বিডিএস ভর্তি পরীক্ষায় পূর্ববর্তী বছরের এইচএসসি উত্তীর্ণ পরীক্ষার্থীদের সর্বমোট নম্বর থেকে ৫ নম্বর কর্তন করে মেধাতালিকা তৈরি করা হবে। এর বৈধতা চ্যালেঞ্জ করে গত ২৭ আগস্ট রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুছ আলী আকন্দ।

x

Check Also

জ্বালানী সংকটে রোববার থেকে অফিস সময় ৯টা-৪টা, শিক্ষা প্রতিষ্ঠানের বিষয়ে সিদ্ধান্ত রোববার

বিশেষ প্রতিনিধি মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে সৃষ্ট বৈশ্বিক জ্বালানিসংকট মোকাবিলায় সরকার একাধিক কৃচ্ছ্রসাধনমূলক পদক্ষেপ গ্রহণ ...