Don't Miss
Home / আজকের সংবাদ / কবি বেলাল চৌধুরী আর নেই

কবি বেলাল চৌধুরী আর নেই

এমএনএ রিপোর্ট : একুশে পদকপ্রাপ্ত কবি বেলাল চৌধুরী মারা গেছেন (ইন্না লিল্লাহি….. রাজিউন)। আজ মঙ্গলবার সোয়া ১২টার দিকে রাজধানীর আনোয়ার খান মডার্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তিনি।
একুশে পদকপ্রাপ্ত কবি বেলাল চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী তার শোকবার্তায় বলেন, ‘কবিতার মধ্য দিয়ে তিনি মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন।… তার লেখা আমাদের অনুপ্রেরণা যোগাবে।’
প্রধানমন্ত্রী প্রয়াত এই কবির বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান।
আজ মঙ্গলবার দুপুর ১২টা এক মিনিটে চিকিৎসকরা তার লাইফ সাপোর্ট খুলে ফেলে তাকে মৃত ঘোষণা করেন। বেলাল চৌধুরী আনোয়ার খান মডার্ন হাসপাতালের অধ্যাপক ফিরোজ আহমেদ কোরেশীর তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন।
কবির বড় ছেলে আবদুল্লাহ প্রতীক চৌধুরী গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, লাইফ সাপোর্ট খোলার আগেই তিনি মারা যান। লাইফ সাপোর্টে রেখে চিকিৎসকরা সব চেষ্টাই করেছেন, তবে তাকে বাঁচানো যায়নি।
তিনি জানান, দীর্ঘ চার মাস ধরে বেলাল চৌধুরী হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। গত বৃহস্পতিবার রাতে তার শারীরিক অবস্থার অবনতি হলে হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) নেয়া হয়। গত শুক্রবার অবস্থার আরও অবনতি ঘটায় বেলা সাড়ে ১২টার দিকে তাকে লাইফসাপোর্টে নেয়া হয়।
কবি বেলাল চৌধুরী ক্রনিক কিডনি ডিজিজ, রক্তশূন্যতা ও হাইপোথাইরোটিজসহ নানা দুরারোগ্য ব্যধিতে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর।
বাংলা সাহিত্যের অন্যতম খ্যাতিমান কবি, প্রাবন্ধিক, অনুবাদক ও সাংবাদিক বেলাল চৌধুরী ঢাকাস্থ ভারতীয় দূতাবাস থেকে প্রকাশিত ‘ভারত বিচিত্রা’র সম্পাদকের দায়িত্ব পালন করেন দীর্ঘদিন। রূপালী গ্রুপের ‘সাপ্তাহিক সন্দ্বীপ’ পত্রিকাটিও সম্পাদনা করতেন তিনি।
বেশ কয়েক বছর ভারতের কলকাতায় অবস্থানকালে তিনি কবি সুনীল গঙ্গোপাধ্যায় সম্পাদিত সাহিত্য পত্রিকা ‘কৃত্তিবাস’ এ কাজ করেন। তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ হচ্ছে- ‘নিষাদ প্রদেশে’, ‘আত্মপ্রতিকৃতি’, ‘স্থিরজীবন ও নিসর্গ’, ‘স্বপ্নবন্দী’, ‘সেলাই করা ছায়া’, ‘কবিতার কমলবনে’, ‘যাবজ্জীবন সশ্রম উল্লাসে’ ও ‘বত্রিশ নম্বর’।
কবি বেলাল চৌধুরীর জন্ম ১৯৩৮ সালে ১২ নভেম্বর, ফেনীতে। ছাত্র অবস্থায় তিনি বাম ধারার রাজনীতিতে জড়িয়ে পড়েন। ১৯৫২ সালে রাষ্ট্রভাষা আন্দোলনে যোগ দিয়ে কারাগারেও যান।
সাহিত্যে অবদানের জন্য ২০১৪ সালে একুশে পদক পান কবি বেলাল চৌধুরী। পেয়েছেন বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, নীহাররঞ্জন স্বর্ণপদক, জাতীয় কবিতা পরিষদ পুরস্কারসহ নানা সম্মাননা।
x

Check Also

জুনে সারা দেশে ৪৭২ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৩৮, মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণহানি সর্বোচ্চ

এমএনএ প্রতিবেদক গত জুন মাসে সারা দেশে ৪৭২টি সড়ক দুর্ঘটনায় ৪৩৮ জন নিহত এবং ৫৬১ ...