Don't Miss
Home / আজকের সংবাদ / কাবুলে ন্যাটোর গাড়িবহরে হামলা, নিহত ৮

কাবুলে ন্যাটোর গাড়িবহরে হামলা, নিহত ৮

এমএনএ ইন্টারন্যাশনাল ডেস্ক : আফগানিস্তানের রাজধানী কাবুলে ন্যাটোর সাঁজোয়া গাড়িবহর লক্ষ্য করে শক্তিশালী বিস্ফোরণে অন্তত আটজন নিহত হয়েছে। আহত হয়েছে ২৮ জন। কর্মকর্তারা জানিয়েছেন, ইসলামিক স্টেট (আইএস) হামলার দায় স্বীকার করেছে।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র এএফপিকে বলেন, সকালে মার্কিন দূতাবাস ও ন্যাটোর দপ্তরের কাছাকাছি একটি ব্যস্ত সড়কে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। নিহত ব্যক্তিদের বেশির ভাগই সাধারণ মানুষ।

ন্যাটো জানিয়েছে, হামলায় ন্যাটো জোটের তিন সদস্য আহত হয়েছেন। তবে তাঁরা আশঙ্কামুক্ত।

জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) তাদের কথিত বার্তা সংস্থা ‘আমাক’-এর মাধ্যমে হামলার দায় স্বীকার করেছে। আইএসের দাবি, নিহত আটজনই মার্কিন সেনা।

তিন সপ্তাহ আগে আফগানিস্তানের পূর্বাঞ্চলে আইএসের অবস্থান লক্ষ্য করে সবচেয়ে বড় ‘নন-নিউক্লিয়ার’ বোমা হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এ ঘটনার পর আজ এ হামলার ঘটনা ঘটল।

বিস্ফোরণটিকে আইএস আত্মঘাতী হামলা বলছে। আর ন্যাটো বলছে, বিস্ফোরণটি ঘটে হাতে তৈরি বোমা বা আইইডির মাধ্যমে।

প্রত্যক্ষদর্শী ও এএফপির আলোকচিত্রী বলেন, ভারী অস্ত্রশস্ত্রে সজ্জিত দুটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং রাস্তায় একটি ছোট গর্ত তৈরি হয়।

তবে কাবুল আন্তর্জাতিক বাহিনীর যেসব যানবাহন চলাচল করে, সেগুলো বোমা প্রতিরোধী হয়ে থাকে। আজকের এ হামলায় ন্যাটোর দুটি গাড়ি ছাড়া সাধারণ তিনটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয় ও একটিতে আগুন ধরে যায়।

x

Check Also

টানা ৫ ঘণ্টার বেশি গাড়ি চালানো যাবে না, সতর্ক করল বিআরটিএ

এমএনএ প্রতিবেদক একটানা দীর্ঘ সময় গণপরিবহণ চালানোর ফলে চালকদের ক্লান্তি, ঝিমুনি ও ঘুমের প্রবণতা বাড়ছে, ...