এমএনএ খেলাধুলা ডেস্ক : ক্ষমতার পালাবদলে পাল্টে গেছে আফগানিস্তানের দৃশ্যপট। আফগান মুল্লুক এখন কট্টরপন্থি গোষ্ঠী তালেবানের কব্জায়। কথায় আছে, ক্ষমতা যার, বাদবাকি সবকিছুও তার। সেই সূত্র ধরেই দেশটিতে জিকির উঠছে তালেবানের। আর যারা সেটা পারছেন না তারা প্রাণ বাঁচাতে যেদিক পারছে ছুটছেন। এদিকে সম্প্রতি একটি ছবি নেট-দুনিয়ায় ভাইরাল হয়েছে। যেখানে দেখা গেছে, অস্ত্রধারীদের সঙ্গে সাবেক এক আফগান ক্রিকেটারও রয়েছেন।
আরেকটি ভিডিওতে দেখা যায়, আগ্নেয়াস্ত্র হাতে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের অফিসে ঢুকে পড়েছে তালেবান। যেখানে সশস্ত্র বেশ কয়েকজনের সঙ্গে আফগানিস্তানের সাবেক ক্রিকেটার আবদুল্লাহ মাজারিকেও দেখা গেছে।
উল্লেখ্য, জাতীয় লিগ পর্যায়ে আফগান ঈগলসে রশিদ খানের সতীর্থ ছিলেন আব্দুল্লাহ মাজারি।
প্রশ্ন উঠেছে রশিদ খানের সাবেক সতীর্থ আবদুল্লাহ মাজারিও কি তাহলে শেষমেশ তালেবানে যোগ দিলেন? দেশটির উত্তরাঞ্চলীয় বলখ প্রদেশের মাজার-ই-শরীফে ১৯৮৭ সালে জন্মগ্রহণকারী আবদুল্লাহ মাজারি দেশের হয়ে মাত্র দুই ওয়ানডে ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন। ২০১০ সালে কেনিয়ার বিপক্ষে ওয়ানডে ম্যাচের মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় তার। তবে পরের ম্যাচ খেলেই দল থেকে বাদ পড়েন এই বাঁহাতি স্পিনার।
দুই ওয়ানডের সংক্ষিপ্ততম আন্তর্জাতিক ক্যারিয়ারে ২৪.৫০ গড়ে উইকেট নিয়েছেনও দুইটি। ক্রিকেট ছাড়ার পর এত দিন পর্যন্ত কোনো আলোচনাতেই ছিলেন না তিনি। তবে নেট-দুনিয়ায় ছবিটি ছড়িয়ে পড়ার পর আবারও চর্চা হচ্ছে আবদুল্লাহ মাজারিকে নিয়ে।
এদিকে আফগানিস্তান তালেবানের হাতে যাওয়ার পর দেশের ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে যখন অনিশ্চয়তা পুরোদমে, ঠিক সে সময় আফগান ক্রিকেট বোর্ডের কর্মকর্তা হামিদ শেনওয়ারি দেশের ক্রিকেটপ্রেমীদের আশ্বস্ত করে বলেছিলেন, ‘তালেবান ক্রিকেট ভালোবাসে। ফলে আফগানিস্তানের ক্রিকেট নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই।’ তবে এসিবির সদর দপ্তরে তালেবান অস্ত্রধারীদের সরব উপস্থিতি নিয়ে নতুন করে শঙ্কা মাথাছাড়া দিচ্ছে।
অন্যদিকে, খোদ আফগান ক্রিকেটার রশিদ খানই বলেছিলেন, এত দিনের সব অর্জন ধূলিসাৎ হয়ে যাবে। এমনকি কট্টরপন্থি এই গোষ্ঠীটির হাত থেকে দেশের মানুষ ও ক্রিকেটকে বাঁচানোর জন্য বিশ্ববাসীর কাছেও আহ্বান জানিয়েছিলেন বিশ্বসেরা এই লেগস্পিনার। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে, আফগান মুল্লুক তালেবানের কব্জায় যাওয়ার পর দেশটির ক্রিকেট বোর্ডে কোনো হস্তক্ষেপ করা হয়নি।
এর আগে মনে করা হয়েছিল তালেবান হয়তো নিজেদের পছন্দসই কাউকে বোর্ডের দায়িত্ব দেবে। কিন্তু এখানেও দেখা গেল ভিন্ন চিত্র। আজিজুল্লাহ ফজলিকেই ফের আফগান ক্রিকেট বোর্ডের প্রধান হিসেবে নিযুক্ত করা হলো। রোববার (২২ আগস্ট) টুইট করে এমনটাই জানা হয় বোর্ডের তরফে।
আফগান ক্রিকেট বোর্ড এক টুইটবার্তায় জানায়, ‘আজিজুল্লাহ ফজলিকেই ফের ক্রিকেট বোর্ডের প্রধান হিসেবে নিযুক্ত করা হয়েছে। আগামী দিনে তার নেতৃত্বেই সব প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে আফগানিস্তান।’
আফগান ক্রিকেট বোর্ডের কর্মকর্তা হিকমাত হাসান বলেন, ‘ক্রিকেট খেলা নিয়ে তালেবানের কোনো অসুবিধা নেই। আমাদের মতো করেই কাজ করতে বলেছে তারা।’ তবে ছেলেদের ক্রিকেট নিয়ে অনিশ্চয়তা না থাকলেও মেয়েদের ক্রিকেট নিয়ে রয়েছে। এখনো সেই বিষয়ে কোনো কিছু জানা যায়নি।
মোহাম্মদী নিউজ এজেন্সী নিউজ – ফিচার – ফটো নেটওয়ার্ক

