Don't Miss
Home / হোম স্লাইডার / চাকরি হারাচ্ছেন মেসি-নেইমারদের কোচ

চাকরি হারাচ্ছেন মেসি-নেইমারদের কোচ

এমএনএ খেলাধুলা ডেস্ক : চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদের বিপক্ষে শেষ ষোলোয় ২-০ গোলে এগিয়ে থাকার পরও হেরেছে পিএসজি। দুই লেগ মিলিয়ে স্প্যানিশ জায়ান্টদের জয় ৩-২ গোলে। এমন অপ্রত্যাশিত হারের কারণে চাকরিচ্যুত হচ্ছেন পিএসজির আর্জেন্টাইন কোচ মাউরিসিও পচেত্তিনো-গুঞ্জন ইউরোপিয়ান সংবাদমাধ্যমজুড়ে।

প্রথম লেগে ১-০ গোলে ও দ্বিতীয় লেগের ম্যাচে ৬০ মিনিট পর্যন্ত ১-০ গোলে এগিয়ে থাকার পরও দুই লেগ মিলিয়ে ৩-২ গোলে হেরেছে পিএসজি। এমন হার অনেকটা অপ্রত্যাশিতই। তাই তোপের মুখে রয়েছেন আর্জেন্টাইন তারকা। ফরাসি সংবাদমাধ্যম এল ইকুইপের মতে, অচিরেই বরখাস্ত হতে পারেন তিনি। তবে সেটা না ঘটলে মৌসুম শেষে তাকে আর কোচের পদে রাখবেই না ফরাসি ক্লাবটি।

বুধবার (০৯ মার্চ) দিনগত রাতে সান্তিয়াগো বার্নাব্যুত রিয়াল মাদ্রিদের মুখোমুখি হয় পিএসজি। প্রথমার্ধে পিএসজির আক্রমণে দিশাহারা হয়ে পড়ে স্বাগতিক দল। ৩৬ মিনিটে একটি গোলও করে বসে ফরাসি ক্লাবটি। নেইমারের বুদ্ধিদীপ্ত এক পাস ধরে মাঝমাঠ থেকে স্প্রিন্টে মাদ্রিদের ডিফেন্ডারদের কাটিয়ে চমৎকার গোল করেন এমবাপ্পে। অবশ্য পিএসজি গোল পেতে পারতো আরও আগেই।২১ মিনিটের সময় বল নিয়ে রিয়ালের ডি বক্সে ঢুকে পড়েছিলেন পিএসজির ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমার। দুই ডিফেন্ডারের ফাঁক গলে তিনি যে শটটি নিলেন তা অবশ্য সহজেই আটকে দেন রিয়াল মাদ্রিদের অভিজ্ঞ গোলরক্ষক থিবো কর্তোয়া।

প্রথমার্ধ শেষে পিএসজির লিড ১-০ গোলে, দুই লেগ মিলিয়ে তাদের লিড ২-০ গোলে। তখন কে জানতো সব নাটকীয়তা জমা রয়েছে ম্যাচের শেষ ৩০ মিনিটে। ৬১ মিনিটে কাঙ্ক্ষিত গোলের দেখা পায় রিয়াল মাদ্রিদ। মাঝমাঠ থেকে পিএসজির ভেরাত্তি ব্যাকপাস দেন গোলরক্ষক দোনারুম্মাকে। দোনারুম্মার ধীর নড়াচড়া সুযোগ করে দেয় সুযোগসন্ধানী বেনজেমাকে। প্রেসিং করে বল কেড়ে নেন বেনজেমা। বল বাড়ান তার আক্রমণের সঙ্গী ভিনিসিয়াসকে। ভিনিসিয়াসও নিঃস্বার্থভাবে ফিরতি পাস দেন বেনজেমাকে। ৬ গজি বক্সের ভিতর থেকে গোল করতে বেগ পেতে হয়নি মাদ্রিদের নাম্বার নাইনকে।

৭৬ মিনিটে আবার উল্লাসে ভাসে মাদ্রিদ সমর্থকেরা। বেনজেমার দ্বিতীয় গোলে দুই লেগ মিলে সমতায় চলে আসে রিয়াল মাদ্রিদ। মাত্র ২ মিনিট পরেই আবার গোল করেন বেনজেমা। চ্যাম্পিয়ন্স লিগের নকআউটে হ্যাটট্রিক নিশ্চিত করেন এই ফ্রেঞ্চম্যান। সবটুকু আলো কেড়ে নিয়ে ম্যাচের নায়কও তিনিই। অন্যদিকে বিদায় নিশ্চিত হয় পিএসজির।

x

Check Also

মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত চালুতে সরকারের জোর তৎপরতা: উপদেষ্টা মাহদী

এমএনএ প্রতিবেদক মালয়েশিয়ায় বাংলাদেশের শ্রমবাজার দ্রুত পুনরায় চালু করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে ...