এমএনএ রিপোর্ট : জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও তথ্য গোপনের দায়ে দুদকের মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন পেলেন কুমিল্লার সিটি মেয়র মনিরুল হক সাক্কু।
আজ মঙ্গলবার মঙ্গলবার বেলা ১১টার দিকে ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লার আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন তিনি। এরপর শুনানি শেষে ২৪ মে পর্যন্ত আদালত তার জামিন মঞ্জুর করেন।
সরকারি অতিরিক্ত পিপি তাপস কুমার পাল ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী মীর আহমেদ আলী সালাম বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে সকালে মনিরুল হক সাক্কু আদালতে উপস্থিত হয়ে আত্মসমর্পণ করে জামিন চান।
গত ১৮ এপ্রিল দুর্নীতির মামলায় কুমিল্লা সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র ও বিএনপির নেতা মনিরুল হক
সাক্কুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। একই সঙ্গে তাঁর মালামাল ক্রোকেরও আদেশ দেওয়া হয়।
মামলার অভিযোগ থেকে জানা যায়, চার কোটি ৫৭ লাখ ৭১ হাজার ৯৩৩ টাকার জ্ঞাত আয়বহির্ভূত অবৈধ সম্পদ অর্জন ও এক কোটি ১২ লাখ ৪০ হাজার ১২০ টাকার সম্পদের তথ্য গোপন করে মিথ্যা তথ্য দিয়ে দুদকে সম্পদ বিবরণী দাখিল করেন। এ অভিযোগে সাক্কু ও তার স্ত্রীর বিরুদ্ধে ২০০৮ সালের ৭ জানুয়ারি রাজধানীর রমনা থানায় দুদকের তৎকালীন সহকারী পরিচালক (বর্তমানে উপপরিচালক) শাহিন আরা মমতাজ মামলাটি দায়ের করেন। তদন্ত শেষে ২০১৬ সালের ৪ ফেব্রুয়ারি দুদকের সহকারি পরিচালক মোহাম্মদ নুরুল হুদা এ মামলায় সাক্কুর বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন।
২০১২ সালের ৫ জানুয়ারি কুসিকের প্রথম নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী অধ্যক্ষ আফজল খানকে হারিয়ে মেয়র নির্বাচিত হয়েছিলেন মনিরুল হক সাক্কু। চলতি বছরের ৩০ মার্চ কুসিকের দ্বিতীয় নির্বাচনেও আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ও আফজল খানের মেয়ে আঞ্জুম সুলতানা সীমাকে হারিয়ে আবারও মেয়র নির্বাচিত হন ধানের শীষ প্রতীকের এ প্রার্থী। এ নির্বাচনে সাক্কু পান ৬৮ হাজার ৯৪৮ ভোট এবং আঞ্জুম সুলতানা সীমা পান ৫৭ হাজার ৮৬৩ ভোট।
মোহাম্মদী নিউজ এজেন্সী নিউজ – ফিচার – ফটো নেটওয়ার্ক

