শিক্ষাঙ্গন প্রতিবেদক
আগামী জুলাই মাস থেকে দেশের প্রতিটি উপজেলায় দুটি করে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিনামূল্যে স্কুল ড্রেস ও পাটের তৈরি ব্যাগ দেওয়া হবে। সরকারের তিনটি মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে এ কর্মসূচি বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা ও প্রাথমিক শিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন।
বুধবার (২২ এপ্রিল) সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে অনুষ্ঠিত এক আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। বৈঠকে প্রাথমিক ও গণশিক্ষা, বস্ত্র ও পাট এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মাহদী আমিন বলেন, প্রাথমিক পর্যায়ে প্রতিটি উপজেলায় দুটি করে বিদ্যালয়ে এ কর্মসূচি চালু হবে। প্রথম ধাপে প্রথম শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে এই সুবিধা দেওয়া হবে। পরবর্তীতে পর্যায়ক্রমে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে এটি সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।
তিনি জানান, “দেশীয় পণ্যকে উৎসাহিত করা এবং ‘মেইড ইন বাংলাদেশ’ উদ্যোগকে এগিয়ে নিতে আমরা শিক্ষার্থীদের কাছে পাটের ব্যাগ ও স্কুল ড্রেস পৌঁছে দেবো। একই সঙ্গে শিক্ষার্থীদের মধ্যে সমতা ও ন্যায্যতা নিশ্চিত করাও এর একটি প্রধান লক্ষ্য।”
উপদেষ্টা আরও বলেন, সারাদেশে একধরনের পোশাক ও ব্যাগ ব্যবহারের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে বৈষম্য কমানো সম্ভব হবে। বিশেষ করে প্রান্তিক অঞ্চলের শিক্ষার্থীরা এতে উপকৃত হবে।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানান, এ কর্মসূচি তিনটি মন্ত্রণালয়ের সমন্বয়ে বাস্তবায়ন করা হবে এবং ব্যয়ও তারা বহন করবে।
তিনি বলেন, “এটি একটি পাইলট প্রকল্প হিসেবে শুরু হচ্ছে। সফল হলে ধাপে ধাপে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে বাস্তবায়ন করা হবে।”
কোন দুটি বিদ্যালয়ে প্রথম ধাপে এই সুবিধা দেওয়া হবে, তা সংশ্লিষ্ট উপজেলা প্রশাসন নির্ধারণ করবে বলে জানান প্রতিমন্ত্রী।
সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, ছেলে ও মেয়েদের জন্য আলাদা ডিজাইনের স্কুল ড্রেস এবং ব্যাগ নির্ধারণ করা হবে। এর মাধ্যমে শিক্ষার্থীদের সহজে শনাক্ত করা যাবে এবং শৃঙ্খলাও বজায় থাকবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
সংশ্লিষ্টরা বলছেন, এই উদ্যোগের মাধ্যমে একদিকে যেমন দেশীয় পাটশিল্পকে উৎসাহিত করা হবে, অন্যদিকে শিক্ষার্থীদের মধ্যে সমতা, শৃঙ্খলা ও সামাজিক অন্তর্ভুক্তি নিশ্চিত করা সম্ভব হবে।
মোহাম্মদী নিউজ এজেন্সী নিউজ – ফিচার – ফটো নেটওয়ার্ক

