Don't Miss
Home / আজকের সংবাদ / টাইগারদের জয়ে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর অভিনন্দন

টাইগারদের জয়ে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর অভিনন্দন

এমএনএ রিপোর্ট : শততম টেস্টে শ্রীলংকার বিরুদ্ধে টাইগারদের ঐতিহাসিক জয়ে জাতীয় ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ রবিবার টেস্ট জয়ের পরপরই এক অভিনন্দন বার্তায় রাষ্ট্রপতি বলেন, “শততম টেস্টের এ বিজয় বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের একটি মাইলফলক।

“এ জয়ের ফলে বাংলাদেশের ক্রিকেট ও ক্রিকেট অনুরাগীরা আরো উৎসাহিত হবে এবং ক্রিকেটের উন্নয়নে ইতিবাচক প্রভাব পড়বে।”

রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন, বাংলাদেশ ক্রিকেট দল ভবিষ্যতেও জয়ের এ ধারা অব্যাহত রাখবে।

ক্রিকেট দলের ‘ঐতিহাসিক বিজয়ে’ রাষ্ট্রপতি আবদুল হামিদ দলের খেলোয়াড়, কোচ, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্মকর্তা-কর্মচারী ও ক্রিকেট ভক্তদের উষ্ণ অভিনন্দন জানান।

ঐতিহাসিক এ জয়ের পরপরই প্রধানমন্ত্রী বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়, কর্মকর্তাসহ সবাইকে এ অভিনন্দন জানান তিনি।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের একথা জানিয়েছেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক মুশফিকুর রহিম এবং ম্যান অব দ্যা সিরিজ সাকিব আল হাসানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন।

ইহসানুল করিম জানান, শেখ হাসিনা ‘জয়বাংলা’ বলে তাদেরকে অভিনন্দন জানান এবং বাংলাদেশ ক্রিকেট দলের অব্যাহত সাফল্যের জন্য দোয়া করেন।

প্রেস সচিব জানান, প্রধানমন্ত্রী বলেন- এই অর্জন ধরে রাখতে আমি তোমাদের জন্য দোয়া করছি। তোমরা ইতিহাস সৃষ্টি করেছ, তোমাদের প্রাণঢালা অভিনন্দন জানাচ্ছি।

এদিকে পৃথক এক অভিনন্দন বার্তায় জাতীয় সংসদের স্পিকার ও সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপারসন ড. শিরীন শারমিন চৌধুরী বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়ে বলেন, “বিশ্ব ক্রিকেটে উদীয়মান শক্তি হিসেবে আবির্ভূত হয়েছে বাংলাদেশ। সবচেয়ে কম সময়ে শততম টেস্ট খেলে বাংলাদেশ ক্রিকেট দল অনন্য নজির সৃষ্টি করেছে। বাংলাদেশ ক্রিকেট দলের শততম ম্যাচে জয়লাভ ভবিষ্যতে আরও বড় সাফল্য বয়ে আনতে অনুপ্রেরণা জোগাবে।”

এছাড়া বাংলাদেশ দলকে আরো অভিনন্দন জানিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া, জাতীয় সংসদের চিফ হুইপ আ স ম ফিরোজ, বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শততম টেস্টে শ্রীলংকার বিরুদ্ধে ৪ উইকেটে জয় পেয়েছে বাংলাদেশ। শ্রীলংকার বিরুদ্ধে এটি প্রথম জয় ও টেস্টে বাংলাদেশের এটি নবম জয়।

দ্বিতীয় ও শেষ টেস্টে স্বাগতিকদের ৪ উইকেটে হারিয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজ ১-১ এ ড্র করলো টাইগাররা।

আজ রবিবার পি সারা ওভাল স্টেডিয়ামে ঐতিহাসিক শততম টেস্ট জিততে টাইগারদের প্রয়োজন ছিল ১৯১ রানের। তামিম ইকবালের অনবদ্য ৮২ রান জয়ের ক্ষেত্র সহজ করে দেয়। পরে মুশফিকের দৃঢ়তায় শেষ পর্যন্ত ৪ উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।

x

Check Also

সক্ষমতা

জেলা-উপজেলা হাসপাতালের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকারঃ প্রধানমন্ত্রী তারেক রহমান

এমএনএ জাতীয় ডেস্কঃ জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোর সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে দেশের স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় ...