Don't Miss
Home / আজকের সংবাদ / ঢাকার চাপ কমাতে সারাদেশে গড়ে তোলা হবে কর্মসংস্থান, শিক্ষা ও চিকিৎসা সুবিধা: প্রধানমন্ত্রী

ঢাকার চাপ কমাতে সারাদেশে গড়ে তোলা হবে কর্মসংস্থান, শিক্ষা ও চিকিৎসা সুবিধা: প্রধানমন্ত্রী

সংসদ প্রতিবেদক

রাজধানী ঢাকার ওপর ক্রমবর্ধমান জনসংখ্যার চাপ কমাতে দেশের সব অঞ্চলে পর্যায়ক্রমে কর্মসংস্থান, শিক্ষা ও চিকিৎসাসহ মৌলিক সেবার বিস্তার ঘটানো হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ২৪তম দিনে বুধবার জাতীয় সংসদে সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্য মো. আবুল কালাম রাজধানী ঢাকার জনঘনত্ব নিয়ন্ত্রণ, নগরীর বাসযোগ্যতা বৃদ্ধি এবং প্রশাসনিক ও অর্থনৈতিক কর্মকাণ্ড ঢাকার বাইরে ছড়িয়ে দেওয়ার বিষয়ে সরকারের পরিকল্পনা সম্পর্কে জানতে চান।

জবাবে প্রধানমন্ত্রী বলেন, ঢাকাকেন্দ্রিক উন্নয়ন একদিনে তৈরি হয়নি; এটি বহু বছরের বাস্তবতা। চাকরি, উন্নত চিকিৎসা, উচ্চশিক্ষা ও সন্তানদের ভবিষ্যতের কথা চিন্তা করে দেশের বিভিন্ন অঞ্চল থেকে মানুষ রাজধানীমুখী হচ্ছে। কারণ দেশের অন্যান্য এলাকায় এখনো একই মানের সুযোগ-সুবিধা নিশ্চিত করা সম্ভব হয়নি।

তিনি বলেন,
“আমাদের দীর্ঘমেয়াদি পরিকল্পনা হলো দেশের প্রতিটি অঞ্চলে ধীরে ধীরে মৌলিক সুযোগ-সুবিধা পৌঁছে দেওয়া, যাতে মানুষ প্রয়োজনের তাগিদে রাজধানীতে আসতে বাধ্য না হয়।”

প্রধানমন্ত্রী আরও জানান, সরকার দেশের বিভিন্ন স্থানে বিশেষ শিল্পাঞ্চল গড়ে তোলার উদ্যোগ নিয়েছে, যাতে স্থানীয় পর্যায়ে নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়। পাশাপাশি বিভাগীয় ও জেলা পর্যায়ে উন্নত চিকিৎসাসেবা সম্প্রসারণ এবং মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠার কাজও চলমান রয়েছে।

তারেক রহমান বলেন, এসব সুবিধা স্থানীয় পর্যায়ে নিশ্চিত করা গেলে মানুষের ঢাকায় আসার প্রবণতা কমবে এবং এর মাধ্যমে ধীরে ধীরে রাজধানীর ওপর চাপও কমানো সম্ভব হবে।

x

Check Also

সক্ষমতা

জেলা-উপজেলা হাসপাতালের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকারঃ প্রধানমন্ত্রী তারেক রহমান

এমএনএ জাতীয় ডেস্কঃ জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোর সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে দেশের স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় ...