এমএনএ ক্যাম্পাস রিপোর্ট : ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেটে উপাচার্য প্যানেল নির্বাচনে তিনজনের উপাচার্য প্যানেল ঘোষণা করা হয়েছে। এর মধ্যে রয়েছেন বর্তমান উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, বর্তমান কোষাধ্যক্ষ অধ্যাপক কামাল উদ্দীন ও বিজ্ঞান অনুষদের সাবেক ডিন মো. আব্দুল আজিজ।
আজ শনিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের সিনেটের এক বিশেষ অধিবেশনে সর্বসম্মতিক্রমে তিন সদস্যের প্যানেল মনোনয়ন পেয়েছে। উপাচার্য নির্বাচন করতে অর্ধেক সদস্য নিয়ে সিনেটের বিশেষ অধিবেশন বসে।
ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেটের চেয়ারম্যান ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক অধিবেশনে সভাপতিত্ব করেন। অধিবেশন শেষে প্যানেল বিষয়ে উপাচার্য আরেফিন সিদ্দিক সাংবাদিকদের এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩’র আর্টিক্যাল ১১(১) ধারা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর এ প্যানেলের যে কোনো একজনকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর হিসেবে নিয়োগ করবেন।
এ প্যানেলে মনোনীতরা হলেন, বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. আ আ ম স আরেফিন
সিদ্দিক, ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগের অধ্যাপক ড. মো. কামাল উদ্দীন ও থিওরিটিক্যাল এন্ড কম্পিউটেশনাল কেমিস্ট্রি বিভাগের অধ্যাপক ড. মো. আব্দুল আজিজ।
উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩’র আর্টিক্যাল ২১(২) ধারায় অর্পিত ক্ষমতাবলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক সিনেটের এই বিশেষ অধিবেশন আহ্বান করেন।
বিএনপি, জামায়াত-সমর্থিত শিক্ষকদের বর্জন, আওয়ামী লীগ-সমর্থিত শিক্ষকদের একটি অংশের বিরোধিতা ও ডাকসু নির্বাচন ছাড়া উপাচার্য নির্বাচন না করতে শিক্ষার্থীদের প্রতিবাদের মুখে এই অধিবেশন অনুষ্ঠিত হয়।
আগামী ২৪ আগস্ট আরেফিন সিদ্দিকের মেয়াদ শেষ হওয়ার আগে এই তিনজনের মধ্য থেকে নতুন উপাচার্যকে বেছে নেবেন বিশ্ববিদ্যালয়ের আচার্য রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেটে উপাচার্য প্যানেল নির্বাচনকে কেন্দ্র করে শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে হাতাহাতি ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। বেলা সাড়ে তিনটার দিকে শিক্ষার্থীরা সিনেট ভবনের ফটকে জড়ো হন। তাঁরা ডাকসুর নির্বাচনের দাবিতে স্লোগান দিতে থাকেন।
বিকেল পৌনে চারটার দিকে বিশ্ববিদ্যালয়ের মল চত্বরের পাশের ফটক ভেঙে শিক্ষার্থীরা ভেতরে ঢুকে যান। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেটে উপাচার্য প্যানেল নির্বাচনকে কেন্দ্র করে শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে হাতাহাতি হয়।
মোহাম্মদী নিউজ এজেন্সী নিউজ – ফিচার – ফটো নেটওয়ার্ক

