এমএনএ স্পোর্টস ডেস্ক : টসে জিতে ব্যাটিংয়ে নেমে চট্টগ্রাম টেস্টের শুরুটা মোটেও ভালো হয়নি বাংলাদেশের। তামিমের পর ইমরুলের উইকেট হারিয়ে বিপর্যয়েই পড়েছে বাংলাদেশ দল।
মিরপুর টেস্টেই দুই ইনিংসেই দুর্দান্ত ফিফটি করেছিলেন তামিম ইকবাল। কিন্তু চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে সুবিধা করতে পারেননি তিনি। আজ সোমবার চট্টগ্রামে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দ্বিতীয় টেস্টের প্রথম দিনের শুরুতেই সাজঘরে ফেরেন তামিম। সেই ধাক্কা সামলে ওঠার আগেই ইমরুল কায়েস ফিরে গেলে চাপ বেড়ে যায় টাইগারদের ওপর।
চট্টগ্রাম টেস্টে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন মুশফিক। তবে দলের সেরা ব্যাটসম্যান তামিম ও তিন নম্বরে নামা ইমরুলকে শুরুতেই হারানোয় ধাক্কা খায় টাইগাররা। এই প্রতিবেদন লেখার সময় ২৮.২ ওভারে বাংলাদেশের সংগ্রহ ছিল ২ উইকেটে ৭০। মুমিনুল হক ২৪ ও সৌম্য সরকার ৩৩ রান নিয়ে ব্যাট করছেন। তামিম ফিরেছেন ৯ রান করে। ইমরুল করেন ৪ রান।
নাথান লায়নের করা ইনিংসের দশম ওভারের প্রথম বলেই বিদায় নেন তামিম। লায়নের কুইকার ডেলিভারি সঠিক সময়ে ডিফেন্ড করতে পারেননি তামিম। বল তার প্যাডে আঘাত হানলে আম্পায়ার অস্ট্রেলিয়ান খেলোয়াড়দের লেগ বিফোরের ডাকে সাড়া দেন।
শুরুতেই তামিমকে হারিয়ে চাপের মুখে পড়া বাংলাদেশ ঘুরে দাঁড়ানোর আগেই ইমরুল কায়েসকে হারায়। এবারও বাংলাদেশ শিবিরে হানা দেন লায়ন। তার করা ১৪তম ওভারের চতুর্থ বল ইমরুলের প্যাডে আঘাত হানলে জোরালো আবেদন করে টিম অস্ট্রেলিয়া। আম্পায়ার সেই আবেদন নাকচ করে দিলেও রিভিউতে আউটের সিদ্ধান্ত আসলে উল্লাসে মেতে ওঠে অজিরা।
- আউট হয়ে ফিরলেন তামিম।
- অস্ট্রেলিয়ার পক্ষে দুই উইকেটই নিয়েছেন লায়ন।
- তামিমকে আউট করার পর অস্ট্রেলিয়া দলের উল্লাস ।
মিরপুর টেস্টে নাটকীয়তা ও রোমাঞ্চ শেষে অস্ট্রেলিয়াকে ২০ রানে পরাজিত করে বাংলাদেশ। সঙ্গত কারণেই চট্টগ্রামে মানসিকভাবে এগিয়ে থাকবে টাইগাররা।
বাংলাদেশের একাদশে একটি পরিবর্তন এসেছে। শফিউল ইসলামের বদলি হিসেবে একাদশে ফিরেছেন মুমিনুল হক।
অন্যদিকে দুটি পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে অস্ট্রেলিয়া। উসমান খাজ ও জস হ্যাজলউডের বদলি হিসেবে একাদশে ফিরেছেন হিলটন কার্টরাইট ও স্টিভ ও’কিফ।
অন্যদিকে বাংলাদেশের কাছে হেরে যাওয়ায় অনেকটাই চাপের মুখে পড়েছে অস্ট্রেলিয়া। সেই চাপ কাটিয়ে চট্টগ্রাম টেস্টে জিতে সম্মান রক্ষা করতে চায় অজিরা। এই টেস্টেও হেরে গেলে যে নিজেদের ইতিহাসের সবচেয়ে বাজে অবস্থানে পৌঁছবে অস্ট্রেলিয়া। চট্টগ্রামে হেরে গেলে চার নম্বর থেকে ছয় নম্বরে নেমে যাবে সফরকারীরা; ২০০৩ সালে র্যাঙ্কিং চালু হওয়ার পর তাদের জন্য যেটা সবচেয়ে বাজে অবস্থান।
অন্যদিকে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমবারের মতো টেস্ট জেতা বাংলাদেশকে হাতছানি দিচ্ছে সিরিজ জয়ের সোনালী স্বপ্ন। চট্টগ্রামে জিতলে তো বটেই; ড্র করতে পারলেও ওয়েস্ট ইন্ডিজকে পেছনে ফেলে প্রথমবারের মতো র্যাঙ্কিংয়ের আট নম্বরে ওঠে আসবে বাংলাদেশ।
বাংলাদেশ একাদশ : তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, সাব্বির রহমান, সাকিব আল হাসান, মুশফিকুর রহীম, মুমিনুল হক, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাসির হোসেন ও মোস্তাফিজুর রহমান।
অস্ট্রেলিয়া একাদশ : ডেভিড ওয়ার্নার, ম্যাট রেনশ, স্টিভেন স্মিথ, পিটার হ্যান্ডসকম্ব, গ্লেন ম্যাক্সওয়েল, হিলটন কার্টরাইট, ম্যাথু ওয়েড, অ্যাস্টন অ্যাগার, স্টিভ ও’কিফ, প্যাট কামিন্স ও নাথায় লায়ন।
মোহাম্মদী নিউজ এজেন্সী নিউজ – ফিচার – ফটো নেটওয়ার্ক




