Don't Miss
Home / আজকের সংবাদ / মিসাইল-বিমান মহড়ায় পিয়ংইয়ংকে হুঁশিয়ারি

মিসাইল-বিমান মহড়ায় পিয়ংইয়ংকে হুঁশিয়ারি

এমএনএ ইন্টারন্যাশনাল ডেস্ক : উত্তর কোরিয়ার ষষ্ঠবারের মতো পারমাণবিক বোমার পরীক্ষার জবাবে পাল্টা কঠোর প্রতিক্রিয়া দেখিয়েছে দক্ষিণ কোরিয়া। মিসাইল-বিমান মহড়ায় পিয়ংইয়ংকে হুঁশিয়ারি জানিয়েছে প্রতিবেশী দেশ দক্ষিণ কোরিয়া।

আজ সোমবার সকালে দক্ষিণ কোরিয়ার সেনা ও বিমানবাহিনী যৌথভাবে এ মহড়া চালায়। এ সময় ভূমি থেকে ভূমিতে নিক্ষেপণযোগ্য ব্যালাস্টিক মিসাইল ও পূর্ব উপকূলের লক্ষ্যে আঘাত হানতে সক্ষম এফ-১৫ ফাইটার জেটের মহড়া চালনো হয়।

দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনীর জয়েন্ট চিফ অব স্টাফের বরাত দিয়ে এ খবর জানিয়েছে সিএনএন ও ফক্স নিউজ।

উত্তর কোরিয়ার পরমাণু স্থাপনার মডেল তৈরি করে এ ক্ষেপণাস্ত্রের মহড়া চালিয়েছে দক্ষিণ কোরিয়া। মহড়ায় যুদ্ধবিমান ও ভূমি থেকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়।

দক্ষিণ কোরিয়া আজ এই মহড়ার ছবিও প্রকাশ করেছে। ছবিতে দেখা যায়, দক্ষিণ কোরিয়ার পূর্ব উপকূল থেকে দেশটির সেনাবাহিনী পরীক্ষামূলকভাবে ক্ষেপণাস্ত্র ছুড়ছে।

এর আগে গতকাল রবিবার উন্নত প্রযুক্তির একটি হাইড্রোজেন বোমার সফল পরীক্ষা চালায় উত্তর কোরিয়া। এতে উত্তর কোরিয়ার কিলজু প্রদেশে ৬ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়।

পিয়ংইয়ংয়ের ভাষ্য, এই হাইড্রোজেন বোমা দূরপাল্লার ক্ষেপণাস্ত্রে যুক্ত করার যোগ্য। এর নিন্দা জানিয়েছে দক্ষিণ কোরিয়া, যুক্তরাষ্ট্র, চীন, জাপান ও রাশিয়া।

এ ঘটনায় কোরীয় উপদ্বীপে ব্যাপক উত্তেজনা দেখা দেয়। দেশটির নিরাপত্তা কাউন্সিলের জরুরি বৈঠক ডাকেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট।

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জেমস ম্যাটিস হুঁশিয়ার করে বলেছেন, যুক্তরাষ্ট্র বা তার মিত্র দেশের প্রতি পিয়ংইয়ংয়ের যেকোনো হুমকির জবাব ব্যাপক সামরিক প্রতিক্রিয়ার মাধ্যমে দেওয়া হবে। মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর হুমকির পরই ক্ষেপণাস্ত্রের মহড়া চালাল দক্ষিণ কোরিয়া।

জাতিসংঘের নিষেধাজ্ঞা ও আন্তর্জাতিক চাপ উপেক্ষা করে পরমাণু অস্ত্র তৈরি করছে উত্তর কোরিয়া। নিভৃতকামী দেশটি একের পর এক ক্ষেপণাস্ত্রেরও পরীক্ষা চালিয়ে আসছে। এমনকি মার্কিন ভূখণ্ডে হামলারও হুমকি দিয়েছে পিয়ংইয়ং। এ নিয়ে কোরীয় উপদ্বীপে উত্তেজনা চলছে।

পিয়ংইয়ংয়ের ষষ্ঠ পরমাণু পরীক্ষার পরিপ্রেক্ষিতে আজ জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক বসার কথা রয়েছে। এই বৈঠকে পিয়ংইয়ংয়ের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া যায়, তা নিয়ে আলোচনা হবে।

x

Check Also

ব্যাংক রেজুলেশন আইন ২০২৬ দুর্নীতি সহায়ক, লুটেরাদের পুনর্বাসন আত্মঘাতী: টিআইবি

অর্থনৈতিক প্রতিবেদক সদ্য পাস হওয়া ব্যাংক রেজুলেশন আইন, ২০২৬ নিয়ে কঠোর সমালোচনা করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনার ...