Don't Miss
Home / আজকের সংবাদ / নির্ধারিত সময়েই বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া

নির্ধারিত সময়েই বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া

এমএনএ স্পোর্টস ডেস্ক : অনেক জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে নির্ধারিত সময়েই বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়ান ক্রিকেট টিম।

আজ বৃহস্পতিবার সকালে ক্রিকেট অস্ট্রেলিয়া এক বিবৃতিতে জানিয়েছে যে, বেতন-ভাতা সংক্রান্ত খেলোয়াড়দের চুক্তি বিতর্কের অবসান ঘটাতে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) ও অস্ট্রেলিয়ান ক্রিকেট অ্যাসোসিয়েশনের (এসিএ) দুই পক্ষ একটি সমঝোতায় পৌঁছেছে। শেষবারের মতো বৈঠকে বসে বোর্ড ও ক্রিকেটাররা। সেখানেই তারা নতুন কেন্দ্রীয় চুক্তিতে পৌঁছেছেন। ফলে নির্ধারিত সূচি অনুযায়ী অস্ট্রেলিয়া ক্রিকেট দলের বাংলাদেশে আসতে আর কোনো বাধা রইলো না।

ক্রিকেট অস্ট্রেলিয়া জানাচ্ছে, আজ বৃহস্পতিবার সকালে দু’পক্ষের মধ্যে মুখোমুখি আলোচনার পর ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী জেমস সাদারল্যান্ড ও অস্ট্রেলিয়ান ক্রিকেট অ্যাসোসিয়েশনের অ্যালেস্টার নিকোলসন এক চুক্তিতে স্বাক্ষর করেছেন। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে স্থানীয় সময় বিকেল সাড়ে চারটায় এক সংবাদ সম্মেলনে চুক্তির বিস্তারিত জানানো হবে বলে ধারণা করা হচ্ছে।

নির্ধারিত সূচি অনুযায়ী আগামী ১৮ই অগাস্ট বাংলাদেশ পৌঁছানোর কথা অস্ট্রেলিয়া ক্রিকেট দলের। ফতুল্লায় ২২-২৩ আগস্ট দু’দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে অস্ট্রেলিয়া। এরপর আসল লড়াই। ঢাকায় প্রথম টেস্ট শুরু হওয়ার কথা ২৭ আগস্ট। আর চট্টগ্রামে দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে ৪ সেপ্টেম্বর। বাংলাদেশ দলের সঙ্গে দুই ম্যাচ টেস্ট সিরিজ খেলবে অস্ট্রেলিয়া ক্রিকেট দল।

এ সফর সামনে রেখে ১০ আগস্ট ডারউইনে শুরু হবে অস্ট্রেলিয়া ক্রিকেট দলের ট্রেনিং ক্যাম্প।

ক্রিকেট অস্ট্রেলিয়ার সঙ্গে খেলোয়াড়দের চুক্তির মেয়াদ জুন মাসে শেষ হয়ে যায়। সময়ের আগে নতুন চুক্তি না হওয়ায় বেকার হয়ে যায় দুইশ’র বেশি ক্রিকেটার। নতুন চুক্তি না হওয়া পর্যন্ত কোনো সফর হবে না এই বলে জুলাই মাসে অস্ট্রেলিয়া এ দলের ক্রিকেটাররা দক্ষিণ আফ্রিকা সফরও বাতিল করেন।

আর জুলাই মাসে অস্ট্রেলিয়া ক্রিকেট দলের সিনিয়র খেলোয়াড়েরা অগাস্ট মাসে বাংলাদেশ সফর বয়কট করার পক্ষে ভোট দেন। যদিও গতকাল বুধবার অস্ট্রেলিয়া ক্রিকেট দলের অধিনায়ক স্টিভ স্মিথ বলেছিলেন বাংলাদেশ সফরে আসতে চায় তার দল কিন্তু তার আগে চুক্তি হতে হবে।

বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার এই টেস্ট সিরিজ হওয়ার কথা ছিল ২০১৫ সালে। তবে দেশটির সরকারের সতর্কবার্তার কারণে বাংলাদেশ সফরে আসেনি অস্ট্রেলিয়া।

নিরাপত্তা নিয়ে শংকা প্রকাশ করে ২০১৬ সালে বাংলাদেশে অনুষ্ঠিত অনূর্ধ্ব ১৯ ক্রিকেট বিশ্বকাপেও অস্ট্রেলিয়া কোনো দল পাঠায়নি।

কিন্তু অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সফল আয়োজনের পর ইংল্যান্ড দলের বাংলাদেশ সফরের সময় নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করে আশ্বস্ত হয় অস্ট্রেলিয়া। দেশটির ক্রিকেট বোর্ডের নিরাপত্তা প্রধান শন ক্যারল নিজে বাংলাদেশে এসে নিরাপত্তা পরিস্থিতি ও পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত জেনে গেছেন। তার প্রতিবেদনের ভিত্তিতেই এ বছরের শুরুতে বাংলাদেশ সফরের বিষয়টি নিশ্চিত করে সিএ।

সফরকে সামনে রেখে জুন মাসে ১৩ সদস্যের শক্তিশালী দলও ঘোষণা করে ক্রিকেট অস্ট্রেলিয়া। তবে বোর্ড ও ক্রিকেটারদের দ্বন্দ্বের কারণে আবারও শংকায় পড়ে এই সিরিজ।

গত ১ জুলাই থেকে ক্রিকেটারদের আগের চুক্তির মেয়াদ শেষ হয়। স্মিথদের দাবি, নতুন চুক্তিতে ২৩০ জনকেই আগের মতো বোর্ডের লভ্যাংশ দিতে হবে। কিন্তু সিএ শুধু শীর্ষ ১৭ জন ক্রিকেটারকে লভ্যাংশ দিতে চায়। এ নিয়ে শুরু হয় বোর্ডের সঙ্গে ক্রিকেটারদের দ্বন্দ্ব। অবশেষে সেই দ্বন্দ্বের অবসান হল।

অস্ট্রেলিয়া দল : স্টিভেন স্মিথ (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার (সহ-অধিনায়ক), অ্যশটন অ্যাগার, হিল্টন চার্ট রাইট, প্যাট কামিন্স, পিটার হ্যান্ডসকম্ব, জশ হ্যাজলউড, উসমান খাজা, নাথান লায়ন, গ্লেন ম্যাক্সওয়েল, জেমস পাটিনসন, ম্যাথু রেনশ, ম্যাথু ওয়েড।

x

Check Also

টানা ৫ ঘণ্টার বেশি গাড়ি চালানো যাবে না, সতর্ক করল বিআরটিএ

এমএনএ প্রতিবেদক একটানা দীর্ঘ সময় গণপরিবহণ চালানোর ফলে চালকদের ক্লান্তি, ঝিমুনি ও ঘুমের প্রবণতা বাড়ছে, ...