Don't Miss
Home / আজকের সংবাদ / নেপালকে উড়িয়ে দিল বাংলাদেশের মেয়েরা

নেপালকে উড়িয়ে দিল বাংলাদেশের মেয়েরা

এমএনএ স্পোর্টস ডেস্ক : দাপটের সঙ্গেই সাফ অনূর্ধ্ব-১৫ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ মিশন শুরু করলো বাংলাদেশ। তহুরা খাতুনের হ্যাটট্রিকে নেপালকে ৬-০ গোলে বিধ্বস্ত করেছে লাল-সবুজ জার্সিধারীরা।
কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে আজ রবিবার ম্যাচের শুরু থেকেই নেপালের বিরুদ্ধে আক্রমণাত্মক ফুটবল উপহার দেয় গোলাম রব্বানী ছোটনের দল। চতুর্থ মিনিটে ডি-বক্সের ভেতর থেকে শামসুন্নাহারের নেওয়া শট কর্নারের বিনিময়ে গোলরক্ষক ফেরালে এগিয়ে যেতে পারেনি স্বাগতিকরা।
তিন মিনিট পর শামসুন্নাহারের কাছ থেকে বল পেয়ে মার্জিয়ার নেওয়া শট গোলরক্ষককে ফাঁকি দিলেও ক্রসবারে লাগে। একটু পর মারিয়া মান্ডার বাড়ানো বল ধরে তহুরা খাতুনের নেওয়া শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়।
আক্রমণের ধার ধরে রেখে একাদশ মিনিটে কাঙ্ক্ষিত গোল পায় বাংলাদেশ। কর্ণার থেকে মনিকা চাকমার শট প্রতিপক্ষের ডিফেন্ডারের গায়ে লেগে জালে জড়ায়। তিন মিনিট বাদেই ব্যবধান দ্বিগুন করেন আনুচিং মারমা। মার্জিয়ার কর্নার থেকে উড়িয়ে আসা বল আঁখি খাতুন নামিয়ে নেওয়ার পর আনুচিং মারমার সাইড ভলি জালে জড়ালে ব্যবধান দ্বিগুণ হয়।

৩২তম মিনিট ব্যবধান আরও বাড়িয়ে নেয় গত বছর এএফসি অনূর্ধ্ব-১৪ আঞ্চলিক চ্যাম্পিয়নশিপে নেপালকে ৯-০ ব্যবধানে উড়িয়ে দেওয়া বাংলাদেশ। এবার একক প্রচেষ্টায় ডি-বক্সের ঢুকে গোলরক্ষককে পরাস্ত করেন স্কোরলাইন ৩-০ করেন তহুরা। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে আরও একটি গোল হজম করে নেপাল। তহুরার বাড়ানো বল ধরে আগুয়ান গোলরক্ষকে সহজে পরাস্ত করেন আনুচিং। সতীর্থদের উদযাপনের মধ্যমণি বনে যান জোড়া গোল আদায় করা আনুচিং।
দ্বিতীয়ার্ধে মার্জিয়া-তহুরাদের খেলায় গতি কমে। তবে আরও দুই গোলে বড় জয় ঠিকই নিশ্চিত করে মেয়েরা। বিরতির পর ৫৭ মিনিটে দ্বিতীয়বার লক্ষ্যভেদ করেন তহুরা। ৭২ মিনিটে মাতেন হ্যাটট্রিক উদযাপনে। নির্ধারিত সময় শেষে বড় জড় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ অ-১৫ নারী টিম।
আজ রবিবার (১৭ ডিসেম্বর) চার দলের অংশগ্রহণে টুর্নামেন্টের পর্দা উঠে। উদ্বোধনী ম্যাচে ভুটানকে ৩-০ ব্যবধানে হারিয়েছে ভারত। আগামী মঙ্গলবার (১৯ ডিসেম্বর) ভারতের প্রতিপক্ষ নেপাল। একইদিনে বাংলাদেশের প্রতিপক্ষ ভুটান।
x

Check Also

জুনে সারা দেশে ৪৭২ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৩৮, মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণহানি সর্বোচ্চ

এমএনএ প্রতিবেদক গত জুন মাসে সারা দেশে ৪৭২টি সড়ক দুর্ঘটনায় ৪৩৮ জন নিহত এবং ৫৬১ ...