এমএনএ জাতীয় ডেস্ক : বাংলাদেশ সরকার নেপালে ৫০ হাজার টন ইউরিয়া সার রপ্তানি করবে বাংলাদেশ। নেপালকে সহযোগিতার অংশ হিসেবে সার রপ্তানি করবে বাংলাদেশ সরকার। নেপালের জনগণের প্রয়োজনীয়তা বিবেচনা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সহযোগিতার জন্য নির্দেশনা প্রদান করেছেন।
বৃহস্পতিবার শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ কেমিকেল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি) ও নেপালের কেএসসিএলের মাঝে এ নিয়ে একটি দ্বিপাক্ষীয় চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
বিসিআইসি’র চেয়ারম্যান আমিন উল আহসান এবং কেএসসিএলের ব্যবস্থাপনা পরিচালক নেত্রা বাহাদুর নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই চুক্তিতে স্বাক্ষর করেন।
এ সময় শিল্প সচিব কে এম আলী আজম ও বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ডা. বংশীধর মিশ্রসহ শিল্প মন্ত্রণালয়, বিসিআইসি এবং কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডের (কাফকো) ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি ও নেপাল সরকারের কৃষি ও প্রাণীসম্পদ উন্নয়ন মন্ত্রণালয়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে শিল্প সচিব বলেন, নেপালের জনগণের প্রয়োজনীয়তা বিবেচনা করে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সহযোগিতার জন্য নির্দেশনা প্রদান করেছেন। বাংলাদেশ নিজস্ব চাহিদা পূরণে সার আমদানি করলেও বন্ধুপ্রতিম প্রতিবেশী দেশ নেপালের জরুরি প্রয়োজনে বাংলাদেশ সার রপ্তানির চুক্তি করে । এতে করে দু’দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো সুদৃঢ় হবে।
শিল্প সচিব আরো বলেন, সার সহযোগিতার মাধ্যমে দুই দেশের মধ্যে সহযোগিতার যে নতুন মাত্রা যুক্ত হয়েছে তাতে উভয় দেশ উপকৃত হবে। এ সহযোগিতা ভবিষ্যতে অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ড. বংশীধর তাঁর বক্তব্যে এ সহযোগিতার জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি বিশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।।
মোহাম্মদী নিউজ এজেন্সী নিউজ – ফিচার – ফটো নেটওয়ার্ক

