Don't Miss
Home / আজকের সংবাদ / পাকিস্তানে হোয়াইটওয়াশড ওয়েস্ট ইন্ডিজ

পাকিস্তানে হোয়াইটওয়াশড ওয়েস্ট ইন্ডিজ

এমএনএ রিপোর্ট : সিরিজে প্রথমবারের মতো আগে ব্যাট করার সুযোগ পেয়ে দেড়শ ছাড়ানো সংগ্রহ গড়ল ওয়েস্ট ইন্ডিজ। তবে দুই ওপেনারের ঝড়ো ব্যাটিংয়ে সহজ জয় তুলে নিল পাকিস্তান।
তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে ৮ উইকেটে জিতেছে পাকিস্তান। ১৫৪ রানের লক্ষ্য ১৯ বল বাকি থাকতেই পেরিয়ে যায় সরফরাজ আহমেদের দল। এই হারে পাকিস্তান সফরে হোয়াইটওয়াশড হলো ওয়েস্ট ইন্ডিজ।
করাচি ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে মঙ্গলবার টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি ওয়েস্ট ইন্ডিজের। ৯ বল খেলে শূন্য রানে ফিরে যান চ্যাডউইক ওয়ালটন।
মারলন স্যামুয়েলসের সঙ্গে আন্দ্রে ফ্লেচারের ৭২ রানের জুটিতে শুরুর ধাক্কা সামাল দেয় অতিথিরা। দুটি করে ছক্কা-চারে ৩১ রান করা স্যামুয়েলসকে ফিরিয়ে জুটি ভাঙেন শাদাব খান।
পঞ্চাশ ছোঁয়ার পরেই রান আউট হয়ে ফিরে যান ফ্লেচার। এই ওপেনারের ৪৩ বলে খেলা ৫২ রানের ইনিংসটি গড়া তিনটি ছক্কা ও চারটি চারে।
৬ রানের মধ্যে অভিষিক্ত আন্দ্রে ম্যাককার্থি, ফ্লেচার ও রোভম্যান পাওয়েলকে হারিয়ে চাপে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। সেখান থেকে দলকে দেড়শ রানে নিয়ে যান দিনেশ রামদিন। ঝড় তোলা এই উইকেটরক্ষক ব্যাটসম্যান ১৮ বলে অপরাজিত থাকেন ৪৩ রানে।
২৭ রানে ২ উইকেট নিয়ে পাকিস্তানের সেরা বোলার শাদাব। অভিষিক্ত পেসার শাহিন শাহ আফ্রিদি ২৭ রান দিয়ে উইকেট শূন্য।
রান তাড়ায় পাকিস্তানকে উড়ন্ত সূচনা এনে দেন ফখর ও বাবর। দুই জনে ৫.২ ওভারে গড়েন ৬১ রানের বিস্ফোরক এক জুটি। মাত্র ১৭ বলে ৬ চার ও দুই ছক্কায় ৪০ রানের টর্নেডো ইনিংস খেলে ফিরে যান ফখর।
পঞ্চাশ ছুঁয়ে পরের বলে ফিরে যান আরেক ওপেনার বাবর। ৪০ বলে খেলা তার ৫১ রানের ইনিংস গড়া ৬টি চারে। বাকিটা সহজেই সারেন হুসাইন তালাত ও আসিফ আলি। অবিচ্ছিন্ন তৃতীয় উইকেটে দুই জনে গড়েন ৪১ রানের জুটি।
২৮ বলে তিনটি চারে ৩১ রানে অপরাজিত থাকেন তালাত। ১৬ বলে ২৫ রানে অপরাজিত থাকেন আসিফ।
সংক্ষিপ্ত স্কোর :
ওয়েস্ট ইন্ডিজ : ২০ ওভার ১৫৩/৬ (ওয়ালটন ০, ফ্লেচার ৫২, স্যামুয়েলস ৩১, ম্যাককার্থি ৫, পাওয়েল ২, জেসন ১৩, রামদিন ৪২*, পল ১*; নওয়াজ ১/২৬, উসমান ১/৩৪, আফ্রিদি ০/২৭, আশরাফ ১/৩৩, শাদাব ২/২৭)
পাকিস্তান : ১৬.৫ ওভারে ১৫৪/২ (ফখর ৪০, বাবর ৫১, তালাত ৩১*, আসিফ ২৫*; পল ০/৩৭, এমরিট ১/২৪, স্মিথ ১/৩৮, বদ্রি ০/৩০, জেসন ০/৮, ম্যাককার্থি ০/১২)
ফল : পাকিস্তান ৮ উইকেটে জয়ী
সিরিজ : ৩ ম্যাচের সিরিজে ৩-০তে জয়ী পাকিস্তান
x

Check Also

সক্ষমতা

জেলা-উপজেলা হাসপাতালের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকারঃ প্রধানমন্ত্রী তারেক রহমান

এমএনএ জাতীয় ডেস্কঃ জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোর সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে দেশের স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় ...