Don't Miss
Home / আজকের সংবাদ / প্রধানমন্ত্রী আজ বন্যা দুর্গত গাইবান্ধা ও বগুড়া যাবেন

প্রধানমন্ত্রী আজ বন্যা দুর্গত গাইবান্ধা ও বগুড়া যাবেন

এমএনএ রিপোর্ট : প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের উত্তরাঞ্চলের দু’টি জেলার বন্যা দুর্গত মানুষের অবস্থা দেখতে আজ শনিবার গাইবান্ধা ও বগুড়া সফরে যাবেন।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহ্সানুল করিম গণমাধ্যমকে জানান, শেখ হাসিনা আজ শনিবার সকালে প্রথমে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলায় যাবেন।

স্থানীয় সূত্র অনুযায়ী, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী হেলিকপ্টারটি শনিবার সকাল ১০টায় গোবিন্দগঞ্জের বোয়ালিয়া হেলিপ্যাডে অবতরণ করবে। সকাল সাড়ে ১০টার দিকে প্রধানমন্ত্রী গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে বন্যার্তদের মধ্যে ত্রাণ সামগ্রী ও বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে ধানের চারা বিতরণ করবেন।

পরে প্রধানমন্ত্রী গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদ হল রুমে রাজনৈতিক নেতৃবৃন্দ, স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং বন্যা ব্যবস্থাপনার সঙ্গে সম্পৃক্ত সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন।

একই হেলিকপ্টারে করে বিকেলে শেখ হাসিনা বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলায় যাবেন এবং সেখানে সারিয়াকান্দি হাই স্কুল মাঠে বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী ও ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে বীজ বিতরণ করবেন।

সেখান থেকে শেখ হাসিনা সড়কপথে সারিয়াকান্দি ডিগ্রি কলেজ হল রুমে রাজনৈতিক নেতৃবৃন্দ, স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং বন্যা ব্যবস্থাপনার সঙ্গে সম্পৃক্ত সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন। তিনি ৪টার দিকে বিকেলে ঢাকা ফিরে আসবেন। শেখ হাসিনা গত ২০ আগস্ট দেশের উত্তরাঞ্চলীয় বন্যা দুর্গত দুটি জেলার বন্যার্তদের অবস্থা দেখতে দিনাজপুর ও কুড়িগ্রাম সফর করেন।

x

Check Also

টানা ৫ ঘণ্টার বেশি গাড়ি চালানো যাবে না, সতর্ক করল বিআরটিএ

এমএনএ প্রতিবেদক একটানা দীর্ঘ সময় গণপরিবহণ চালানোর ফলে চালকদের ক্লান্তি, ঝিমুনি ও ঘুমের প্রবণতা বাড়ছে, ...