Don't Miss
Home / আজকের সংবাদ / প্রিন্স মুসার বিরুদ্ধে শুল্ক ফাঁকির মামলা

প্রিন্স মুসার বিরুদ্ধে শুল্ক ফাঁকির মামলা

এমএনএ রিপোর্ট : বিতর্কিত ব্যবসায়ী প্রিন্স মুসা বিন শমসেরের বিরুদ্ধে ২ কোটি ১৭ লাখ টাকা শুল্ক ফাঁকি ও সুইস ব্যাংকে ৯৬ হাজার কোটি টাকার অস্বচ্ছ হিসাব দাখিলের অভিযোগে মানি লন্ডারিং আইনে মামলা দায়ের করা হয়েছে।

আজ সোমবার শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের সহকারী রাজস্ব কর্মকর্তা (এআরও) মো. জাকির হোসেন বাদী হয়ে গুলশান থানায় এ মামলা করেন।

শুল্ক গোয়েন্দা বিভাগের মহাপরিচালক (ডিজি) ড. মইনুল খান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, শুল্ক গোয়েন্দারা মামলাটি তদন্ত করবেন।

শুল্ক গোয়েন্দা সূত্র জানায়, মুসা বিন শমসেরের ব্যবহার করা একটি কালো রেঞ্জ রোভার গাড়ি এ বছরের ২১ মার্চ আটক করা হয়। শুল্কমুক্ত সুবিধায় আনা ওই গাড়িটি ভোলা বিআরটিএ’র একাধিক কর্মকর্তার যোগসাজশে ভুয়া কাগজ দিয়ে ফারুকুজ্জামান নামের এক ব্যক্তির নামে রেজিস্ট্রেশন করা হয়। এছাড়া মুসা বিন শমসেরের বিরুদ্ধে তদন্তে বেনামে অবৈধ আর্থিক লেনদেনের মাধ্যমে অর্থ পাচারের অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়েছেন গোয়েন্দারা।

মুসা ১৭ লাখ টাকা শুল্ক পরিশোধ দেখিয়ে ভুয়া বিল অব এন্ট্রি প্রদর্শন করে গাড়িটি বেনামে নিবন্ধন করেন। কিন্তু গাড়িটিতে ২ কোটি ১৭ লাখ টাকার শুল্ক কর জড়িত বলে তদন্তে উঠে আসে। এ বিষয়ে শুল্ক গোয়েন্দারা ঢাকা কাস্টম হাউসে শুল্ক ফাঁকির মামলা দায়ের করেছিলেন। এদিকে, রেজিস্ট্রেশন-প্রক্রিয়ায় দুর্নীতির সংযোগ থাকায় তা পৃথকভাবে তদন্তের জন্য এনবিআরের মাধ্যমে দুদককে অনুরোধ করা হয়েছে।

সূত্র জানায়, গাড়িটি কার্নেট সুবিধায় আনা হয়েছিল। তবে এই সুবিধার অপব্যবহার করে এবং ব্যক্তিগত আর্থিকভাবে লাভবান হওয়ার উদ্দেশ্যে ভুয়া শুল্ক পরিশোধের কাগজ দিয়ে গাড়িটি তিনি ব্যবহার করছিলেন।

শুল্ক গোয়েন্দাদের জিজ্ঞাসাবাদে মুসা বিন শমসের লিখিতভাবে জানান, সুইস ব্যাংকে তার ৯৬ হাজার কোটি টাকা জমা আছে। কিন্তু এ টাকার কোনো ব্যাংক হিসাব বা বৈধ উৎস দেখাননি তিনি। কয়েকবার নোটিশ দিলেও তিনি তা জমা দেননি বলেও জানান শুল্ক গোয়েন্দারা।

x

Check Also

সক্ষমতা

জেলা-উপজেলা হাসপাতালের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকারঃ প্রধানমন্ত্রী তারেক রহমান

এমএনএ জাতীয় ডেস্কঃ জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোর সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে দেশের স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় ...