Don't Miss
Home / আজকের সংবাদ / বন্যার্তদের সাহায্যার্থে বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান বাতিল

বন্যার্তদের সাহায্যার্থে বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান বাতিল

এমএনএ স্পোর্টস রিপোর্ট : উত্তরাঞ্চলে ভয়াবহ বন্যার কারণে এবং বন্যার্তদের সাহায্যার্থে তাদের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এবারের বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান পুরোপুরি বাতিলই করে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

দেশের বিভিন্ন অঞ্চলের লাখ লাখ মানুষ পানিবন্দী। বিশেষ করে উত্তরাঞ্চলে ব্যাপক বন্যায় জনজীবন স্থবির হয়ে পড়েছে। বন্যার্ত মানুষের অবর্ণনীয় দুর্ভোগ সারা দেশের মানুষকেই ছুঁয়ে যাচ্ছে। সামর্থ্যবানরা যে যেভাবে পারছে বন্যার্তদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে।

এমন নাজুক পরিস্থিতির কথা চিন্তা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বিপিএল পঞ্চম আসরের উদ্বোধনী অনুষ্ঠান বাতিল করে সে অর্থ বন্যা কবলিতদের দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বিপিএল গভর্নিং কাউন্সিলের জরুরি এক সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়।

উদ্বোধনী অনুষ্ঠানের দায়িত্বে থাকা বিসিবি পরিচালক শেখ সোহেল বলেন, ‘উদ্বোধনী অনুষ্ঠানের কথা ছিল। বন্যার কারণে উদ্বোধনী অনুষ্ঠান আমরা বাতিল করে দিচ্ছি। কোনো বাইরের শিল্পী আসবে না। নাচ-গান হবে না। শুধু ফায়ার ওয়ার্কস হবে।’

উদ্বোধনী অনুষ্ঠানে যে টাকা খরচ হতো তা সারাদেশে বন্যার্ত মানুষদের সহায়তায় ব্যয় হবে জানিয়ে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল বলেন, ‘বন্যার কারণে উদ্বোধনী অনুষ্ঠান আমরা এখন আর করব না। দেশের সার্বিক অবস্থা বুঝে এ টাকাটা বরং আমরা বন্যা দুর্গতদের জন্য দিব। আমাদের মাথায় এই চিন্তা-ভাবনাই আছে।’

বিপিএল গভর্নিং কাউন্সিলের বৈঠকে সিদ্ধান্ত নেয়া হয় বন্যার্তদের পাশে দাঁড়ানোর। এ কারণে আগামী শুক্রবার (২৫ আগস্ট) সিরাজগঞ্জ গিয়ে বিসিবির পক্ষ থেকে ব্যাপক আকারে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করা হবে।

গত বছর অনুষ্ঠিত বিপিএলের চতুর্থ আসরেও উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়নি। এবার বিপিএল গভর্নিং কাউন্সিলের লক্ষ্য ছিল জমজমাট আয়োজনের মধ্যদিয়ে উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করার। এমনকি ভারত থেকে সিনেমার নায়ক, নায়িকা এবং নামকরা গায়ক এনে জমিয়ে তোলার লক্ষ্য ছিল বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান। কিন্তু ভয়াবহ বন্যার কারণে এবং উদ্বোধনী অনুষ্ঠানের অর্থ দিয়ে বন্যার্তদের পাশে দাঁড়ানোর লক্ষ্যে সেই অনুষ্ঠানটা বাতিল করে দিল বিসিবি।

উল্লেখ্য, আগামী ২ নভেম্বর টুর্নামেন্টের পঞ্চম আসর মাঠে গড়ানোর আগে ৩১ অক্টোবর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল জমজমাট উদ্বোধনী অনুষ্ঠান।

x

Check Also

মন্ত্রীদের বিদেশ সফর ও অভ্যন্তরীণ চলাচলে নতুন প্রটোকল জারি

এমএনএ প্রতিবেদক মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের রাষ্ট্রীয় বা সরকারি কাজে বিদেশ গমন, দেশে প্রত্যাবর্তন এবং ...