Don't Miss
Home / হোম স্লাইডার / বাংলা ওয়ার্ল্ড ওয়াইডের সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের চুক্তি
বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতাপত্র সই হয়

বাংলা ওয়ার্ল্ড ওয়াইডের সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের চুক্তি

এমএনএ শিক্ষা ও ভর্তি ডেস্ক : বাংলাভাষীদের আন্তর্জাতিক সংগঠন বাংলা ওয়ার্ল্ড ওয়াইড ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতাপত্র সই হয়েছে। শনিবার (৫ মার্চ) রাতে ভারতের কলকাতায় একটি হোটেলে এ সমঝোতাপত্র সই হয়।জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. মশিউর রহমান ও বাংলা ওয়ার্ল্ড ওয়াইডের আহ্বায়ক সৌম্যব্রত দাস এ সমঝোতাপত্রে সই করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, সংসদ সদস্য আরমা দত্ত, কলকাতায় বাংলাদেশের উপ-হাইকমিশনের উপরাষ্ট্রদূত তৌফিক হাসান উপস্থিত ছিলেন।

রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য খুবই আন্তরিকতার সঙ্গে আলোচনায় অংশ নেন। তিনি বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, বিশেষ করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সঙ্গে শিক্ষা, গবেষণা ও সংস্কৃতির ক্ষেত্রে বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম একসঙ্গে পরিচালনার বিষয়ে ইতিবাচক মতামত ব্যক্ত করেন। জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্য এ বিষয়ে সহযোগিতার আশ্বাস দেন ও আলোচনায় সহমত ব্যক্ত করেন।

শিক্ষাখাতে বিভিন্ন বিষয়ে অগ্রগতি ও উন্নয়ন সাধনের লক্ষ্যে ৪ মার্চ উপাচার্য ভারত সফরে যান। ওইদিন বিকেলে ৪৫তম আন্তর্জাতিক কলকাতা বইমেলায় অংশ নেন তিনি। বাংলা ওয়ার্ল্ড ওয়াইডের আমন্ত্রণে এ সফর করেন উপাচার্য। দুইদিনের এ সফরে শিক্ষা, গবেষণা ও সংস্কৃতির বিনিময়ে ভারতের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, শীর্ষস্থানীয় বাঙালি বুদ্ধিজীবী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও পেশাজীবীর সঙ্গে বৈঠকে মিলিত হন তিনি। রোববার (৬ মার্চ) বিকেলে বাংলাদেশে ফেরেন উপাচার্য।

চুক্তি সই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের সাবেক মুখ্য সচিব অমিতকিরণ দেব, রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও ভাষাবিজ্ঞানী অধ্যাপক পবিত্র সরকার, বোম্বে ও কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি ও বাংলা ওয়ার্ল্ড ওয়াইডের সভাপতি বিচারপতি চিত্ততোষ মুখোপাধ্যায়, কলকাতা হাইকোর্টের সিনিয়র বিচারপতি সোমেন সেন, সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি অশোক গাঙ্গুলী, কলকাতা হাইকোর্টের সাবেক প্রধান বিচারপতি সমরেশ ব্যানার্জী, বর্তমান সংসদ সদস্য ও কলকাতার মহানাগরিক বিকাশ রঞ্জন ভট্টাচার্য্য, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিমাই চন্দ্র সাহা, পশ্চিমবঙ্গ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সৈকত মিত্র প্রমুখ।

x

Check Also

মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত চালুতে সরকারের জোর তৎপরতা: উপদেষ্টা মাহদী

এমএনএ প্রতিবেদক মালয়েশিয়ায় বাংলাদেশের শ্রমবাজার দ্রুত পুনরায় চালু করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে ...