বিশ্ব ইজতেমায় গাড়ি পার্কিং ও ডাইভারশন যেভাবে
Posted by: News Desk
January 10, 2018
এমএনএ রিপোর্ট : বিশ্ব ইজতেমায় আগত মুসল্লিদের যাতায়াতের সুবিধার জন্য বিভিন্ন উদ্যোগ নিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। যান চলাচলে শৃঙ্খলা ও যানজট কমাতে বিভিন্ন এলাকায় পার্কিং জোনও নির্ধারণ করে দেওয়া হয়েছে।
ইজতেমা চলাকালীন ঢাকার কয়েকটি সড়কে ডাইভারশন করে যান চলাচলের উদ্যোগ নিয়েছে পুলিশের ট্রাফিক বিভাগ। দুই পর্বের ইজতেমার প্রথম পর্ব আগামি ১২ জানুয়ারি শুরু হয়ে ১৪ জানুয়ারি শেষ হবে। দ্বিতীয় পর্ব ১৯ জানুয়ারি শুরু হয়ে ২১ জানুয়ারি শেষ হওয়ার কথা রয়েছে।
ইজতেমার আখেরি মোনাজাতের দিন ভোর থেকে বিদেশগামী বা বিদেশ থেকে আসা যাত্রীদের বিমানবন্দরে আনা-নেওয়ার জন্য ট্রাফিক উত্তর বিভাগের ব্যবস্থাপনায় ৪টি বড় আকারের মাইক্রোবাস সেবা দিবে। নিকুঞ্জ-১ আবাসিক এলাকার গেটে এসব মাইক্রোবাস অবস্থান করবে।
আজ বুধবার ঢাকা মহানগর পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ইজতেমা উপলক্ষে রেইনবো ক্রসিং থেকে আব্দুল্লাহপুর হয়ে ধউর ব্রিজ পর্যন্ত রাস্তা ও রাস্তার পাশে কোনো গাড়ি পার্কিং করা যাবে না। একইভাবে রামপুরা ব্রিজ থেকে প্রগতি সরণী পর্যন্ত রাস্তাতেও কোন যানবাহন পার্কিং করা যাবে না। ইজতেমায় আগত মুসল্লিদের বহনকারী গাড়িগুলো নির্ধারিত স্থানে পাকিংয়ের জন্য অনুরোধ করেছেন পুলিশ কমিশনার।
পুলিশের ট্রাফিক বিভাগ জানায়, ইজতেমায় চট্টগ্রাম বিভাগ থেকে আগত গাড়ি গাউসুল আজম এভিনিউ (১৩ নং সেক্টর রোডের পূর্ব দিক থেকে পশ্চিম প্রান্ত হয়ে গরীবে নেওয়াজ রোড), ঢাকা বিভাগের গাড়ি সোনারগাঁও জনপথ চৌরাস্তা থেকে দিয়াবাড়ী খালপাড় পর্যন্ত, সিলেট বিভাগের গাড়ি উত্তরাস্থ ১২ নং সেক্টর শাহমখদুম এডিনিউ।
খুলনা বিভাগ থেকে আসা গাড়ি উত্তরা ১৬ ও ১৮ নং সেক্টরের খালি জায়গায় পার্কিং করতে হবে। এ ছাড়া রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগ থেকে আগত গাড়ি প্রত্যাশা হাউজিং এলাকায় পার্কিংয়ের জন্য জায়গা নির্ধারণ করা হয়েছে।।
বরিশাল বিভাগ থেকে আসা গাড়ি ধউর ব্রিজ ক্রসিং সংলগ্ন বিআইডব্লিউটিএ ল্যান্ডিং স্টেশন এবং ঢাকা মহানগরীর গাড়ি উত্তরা শাহজালাল এভিনিউ, নিকুঞ্জ-১ ও নিকুঞ্জ-২ এর আশপাশে খালি জায়গায় পাকিং করতে হবে।
ট্রাফিক কর্মকর্তারা জানান, নির্ধারিত পার্কিং স্থানে মুসল্লিদের নিয়ে আসা যানবাহন পার্কিংয়ের সময় গাড়ির চালক ও হেলপারকে অবশ্যই গাড়িতে অবস্থান করতে হবে।
এদিকে দুই পর্বের ইজতেমার শেষ দিন (১৪ জানুয়ারি ও ২১ জানুয়ারি) ভোর ৪ টা থেকে মহাখালী ক্রসিং, হোটেল রেডিসন গ্যাপ, প্রগতি সরণী, কুড়িল ফ্লাইওভার লুপ-২, ধউর ব্রিজ এবং বেড়িবাঁধ সংলগ্ন উত্তরা ১৮নং সেক্টরের প্রবেশ মুখে ডাইভারশন চলবে। ওই সময় বিকল্প সড়ক দিয়ে যানবাহন চলাচল করবে।
ইজতেমা চলাকালীন সময়ে ট্রাফিক সম্পর্কিত তথ্য জানার জন্য ০১৭১৩৩৯৮৪৯৮ এবং ০১৭১১৩৬৬৫৬১ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।
গাড়ি বিশ্ব ইজতেমায় ডাইভারশন যেভাবে পার্কিং 2018-01-10