Don't Miss
Home / আজকের সংবাদ / ভারতে পুলিশি অভিযানে ৩৪ মাওবাদী নিহত

ভারতে পুলিশি অভিযানে ৩৪ মাওবাদী নিহত

এমএনএ ইন্টারন্যাশনাল ডেস্ক : ভারতে মহারাষ্ট্র রাজ্যের একটি বনে পুলিশি অভিযানে অন্তত ৩৪ মাওবাদী বিদ্রোহী নিহত হয়েছেন। এমনটি খবর দিয়েছে দেশটির বিভিন্ন সংবাদমাধ্যম।
গত রবিবার মহারাষ্ট্র ও পার্শ্ববর্তী ছত্তিশগড় রাজ্যের সীমান্তবর্তী গাদচিরোলি জেলার গভীর বনে একটি নদীর পাড়ে একদল মাওবাদী বিদ্রোহী পুলিশ কমান্ডোদের চোরাগোপ্তা আক্রমণের মুখে পড়ে, এখানে দুপক্ষের মধ্যে প্রায় চার ঘন্টা ধরে বন্দুক লড়াই হয় বলে মহারাষ্ট্র পুলিশের বরাতে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
এখানে নারী ও পুরুষ মিলিয়ে ১৬ মাওবাদী বিদ্রোহী নিহত হন। পুলিশ জানিয়েছে, অজ্ঞাত সংখ্যক বিদ্রোহী নদী ধরে পালিয়ে যাওয়ার সময় গুলিবিদ্ধ হয়।
ওই ঘটনার পরদিন গতকাল সোমবার সন্ধ্যায় পুলিশ একই জেলায় আরও ছয় মাওবাদী বিদ্রোহীকে হত্যা করে। নিহতদের মধ্যে চার নারী বিদ্রোহী রয়েছেন।
গত রবিবারের ঘটনার পরদিন থেকে ইন্দ্রাবতী নদীতে নিহত আরও বিদ্রোহীর লাশ ভেসে উঠতে শুরু করে। মঙ্গলবার সকালেও পুলিশ নদীতে ভেসে ওঠা লাশ উদ্ধার করছিল।
মহারাষ্ট্র পুলিশের মহাপরিচালক সতীশ মাথুর রয়টার্সকে জানিয়েছেন, নিহতের মোট সংখ্যা ৩৪ জনে দাঁড়িয়েছে, কিন্তু তা আরো বাড়তে পারে।
গাদচিরোলি জেলা পুলিশের মুখপাত্র প্রশান্ত দ্বিবেদী বলেছেন, “নদীতে এখনও লাশ পাওয়া যাচ্ছে, উদ্ধার অভিযান এখনও চলায় মৃতের সংখ্যা আরো বাড়বে বলে মনে হচ্ছে।”
গত মাসে ছত্তিশগড়ের সুকমা জেলায় মাওবাদীদের পেতে রাখা বোমা বিস্ফোরণে নয় পুলিশ নিহত হয়েছিল।
ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ২০০৯ সাল থেকে শুরু করে চলতি বছরের মার্চের শেষ পর্যন্ত মাওবাদী বিদ্রোহে সাড়ে পাঁচ হাজারেরও বেশি লোক নিহত হয়েছেন।
x

Check Also

সক্ষমতা

জেলা-উপজেলা হাসপাতালের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকারঃ প্রধানমন্ত্রী তারেক রহমান

এমএনএ জাতীয় ডেস্কঃ জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোর সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে দেশের স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় ...