Don't Miss
Home / আইনশৃঙ্খলা ও অপরাধ / মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইরানের দুই সপ্তাহের যুদ্ধবিরতি শুরু, শর্তসাপেক্ষে হরমুজ প্রণালি খুলছে ইরান
Untitled design - 1

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইরানের দুই সপ্তাহের যুদ্ধবিরতি শুরু, শর্তসাপেক্ষে হরমুজ প্রণালি খুলছে ইরান

আন্তর্জাতিক ডেস্ক

মধ্যপ্রাচ্যে প্রায় দেড় মাস ধরে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র ও ইরান মঙ্গলবার দুই সপ্তাহের জন্য একটি যুদ্ধবিরতি ঘোষণা করেছে। নির্ধারিত সময়সীমার ঠিক আগে এই ঘোষণা আসে। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছিলেন, সময়সীমা শেষ হলে তিনি কঠোর সামরিক পদক্ষেপ নিতে পারেন।

ট্রাম্প জানান, শর্তসাপেক্ষে ইরানকে হরমুজ প্রণালি খোলার বিষয়ে সম্মত হতে হবে। পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সামরিক প্রধানের মধ্যস্থতায় এই যুদ্ধবিরতি সম্ভব হয়েছে বলে জানা গেছে। তিনি আরও বলেন, দুই সপ্তাহের এই সময়কে একটি চূড়ান্ত চুক্তিতে পৌঁছানোর সুযোগ হিসেবে দেখা হচ্ছে।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, তার দেশ যুদ্ধবিরতিতে অংশ নেবে এবং ইরানকে বিমান হামলা বন্ধ করার আহ্বান জানাবে। তবে লেবাননের পরিস্থিতি নিয়ে মতপার্থক্য রয়ে গেছে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, ইরানের ওপর হামলা বন্ধ হলে তারাও সামরিক কার্যক্রম বন্ধ করবে। পাশাপাশি যুদ্ধবিরতির সময় হরমুজ প্রণালিতে নিরাপদ নৌ চলাচল নিশ্চিত করা হবে।

ইরানের সংবাদমাধ্যম তাসনিম জানিয়েছে, যুদ্ধবিরতির সময় ইরান ও ওমান জাহাজ চলাচলের ওপর ফি আরোপ করবে, যা পুনর্গঠন তহবিলে ব্যবহৃত হবে। ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদ এই যুদ্ধবিরতিকে যুক্তরাষ্ট্রের দীর্ঘমেয়াদি ব্যর্থতার প্রতিফলন হিসেবে উল্লেখ করেছে এবং জানিয়েছে, তাদের ১০ দফা প্রস্তাবের বিষয়গুলো বিবেচনায় নেওয়া হয়েছে। একই সঙ্গে ইরান যুক্তরাষ্ট্রের ১৫ দফা প্রস্তাবও পর্যালোচনা করছে।

লেবাননের ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহও দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে বলে সংশ্লিষ্ট একাধিক সূত্র রয়টার্সকে জানিয়েছে।

বুধবার থেকে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। এতে সমর্থন জানিয়েছে ইসরায়েল, তবে তারা বলেছে—এই যুদ্ধবিরতি শুধুমাত্র ইরানের ক্ষেত্রে প্রযোজ্য হবে, লেবাননে নয়। এমন অবস্থানের পরও হিজবুল্লাহ যুদ্ধবিরতি মেনে চলার কথা জানিয়েছে।

যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কয়েক ঘণ্টা আগে পোপ লিও ১৪ ট্রাম্পের বক্তব্যের সমালোচনা করেন। তিনি বলেন, একটি দেশের পুরো সভ্যতাকে ধ্বংস করার হুমকি দেওয়া সম্পূর্ণ অগ্রহণযোগ্য।

এদিকে রয়টার্স জানিয়েছে, বুধবার সকাল থেকে হিজবুল্লাহ ইসরায়েলের উত্তরাঞ্চল বা লেবাননে ইসরায়েলি বাহিনীর ওপর কোনো হামলা চালায়নি। তবে একই দিনে ভোরে লেবাননের দক্ষিণাঞ্চলের সিদোন এলাকায় ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় আটজন নিহত এবং আরও ২২ জন আহত হয়েছেন বলে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।

এছাড়া লেবাননের দক্ষিণাঞ্চলের তায়ির শহরের বাসিন্দাদের অবিলম্বে এলাকা ছেড়ে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েলি বাহিনী।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছেন, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের ওপর ‘বিনা উসকানিতে একতরফা আগ্রাসী হামলা’ চালিয়েছে এবং এ যুদ্ধে তারা ‘শোচনীয় পরাজয়ের’ মুখে পড়েছে। স্পুতনিক রেডিওকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, এই সংকটের কোনো সামরিক সমাধান নেই এবং শুরু থেকেই রাশিয়া আগ্রাসন বন্ধের আহ্বান জানিয়ে আসছে।

x

Check Also

সক্ষমতা

জেলা-উপজেলা হাসপাতালের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকারঃ প্রধানমন্ত্রী তারেক রহমান

এমএনএ জাতীয় ডেস্কঃ জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোর সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে দেশের স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় ...