মেহেরপুর প্রতিনিধি
ঐতিহাসিক মুজিবনগর দিবসে মেহেরপুরের মুজিবনগর স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। শুক্রবার বিকেলে সাংবাদিক, রাজনৈতিক নেতা ও বিভিন্ন বিশিষ্টজন পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণ করেন। তবে এ বছর দিবসটি উপলক্ষে কোনো রাষ্ট্রীয় কর্মসূচি না থাকায় তারা ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেন।
শ্রদ্ধা নিবেদন শেষে বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও লেখক আবু সাইদ খান বলেন, মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে ক্ষমতায় আসা একটি সরকারের পক্ষ থেকে ১৯৭১ সালের স্মৃতিচারণমূলক দিবসগুলো উপেক্ষা করা গ্রহণযোগ্য নয়। তার মতে, এসব দিবস যথাযথ মর্যাদায় পালন করা সরকারের দায়িত্ব এবং এ বিষয়ে তাদের আরও দায়িত্বশীল হওয়া উচিত।
তিনি আরও দাবি করেন, মুজিবনগর মুক্তিযুদ্ধ স্মৃতি কমপ্লেক্সে ভাঙচুর হওয়া ভাস্কর্যগুলো দ্রুত পুনঃস্থাপন করতে হবে এবং এ ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। পাশাপাশি মুক্তিযুদ্ধের সঙ্গে সংশ্লিষ্ট সব জাতীয় দিবস রাষ্ট্রীয়ভাবে যথাযোগ্য মর্যাদায় পালনের আহ্বান জানান তিনি।
এ বিষয়ে এএলআরডির নির্বাহী পরিচালক শামসুল হুদা বলেন, ‘অস্থায়ী সরকার’ শব্দটি মূলত তৎকালীন গণমাধ্যমের দেওয়া হলেও বাস্তবে এটি ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে গঠিত বাংলাদেশের প্রথম সাংবিধানিক সরকার, যা মুক্তিযুদ্ধ পরিচালনার জন্য প্রতিষ্ঠিত হয়েছিল। তিনি স্মৃতি কমপ্লেক্সের ভাস্কর্য ভাঙচুরের তীব্র নিন্দা জানান এবং বিষয়টি ঢাকায় ফিরে সংবাদ সম্মেলনের মাধ্যমে সরকারকে জানানো হবে বলেও উল্লেখ করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাবেক সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, বাসদের সহসাধারণ সম্পাদক রাজেকুজ্জামান রতনসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
এর আগে সকাল ৯টার দিকে মুজিবনগর উপজেলা মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমান্ডের পক্ষ থেকেও স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানো হয়। এতে বীর মুক্তিযোদ্ধা হাজি আহসান আলী খান, অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন আবদুল মালেক, এবং সংগঠনের নেতারা অংশ নেন।
উল্লেখ্য, ১৯৭১ সালের ১৭ এপ্রিল বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এক ঐতিহাসিক দিন। ওই দিন মেহেরপুরের বৈদ্যনাথতলার আম্রকাননে (মুজিবনগর) স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার শপথ গ্রহণ করে। দিনটি উপলক্ষে প্রতিবছর রাষ্ট্রীয়ভাবে নানা আয়োজন থাকলেও এবার কোনো কর্মসূচি পালন করা হয়নি।
মোহাম্মদী নিউজ এজেন্সী নিউজ – ফিচার – ফটো নেটওয়ার্ক

