Don't Miss
Home / আজকের সংবাদ / মুশফিকের সেঞ্চুরিতে বাংলাদেশের সংগ্রহ ৩৪৫

মুশফিকের সেঞ্চুরিতে বাংলাদেশের সংগ্রহ ৩৪৫

এমএনএ স্পোর্টস ডেস্ক : প্রস্তুতি ম্যাচে মুশফিকুর রহিমের দুর্দান্ত সেঞ্চুরিতে ডিউক অব নরফোক একাদশের বিরুদ্ধে বড় সংগ্রহ দাঁড় করিয়েছে টাইগাররা।

ত্রিদেশীয় সিরিজ আর চ্যাম্পিয়ন্স ট্রফিকে লক্ষ্য করে সাসেক্সে ক্যাম্প করছে বাংলাদেশ। প্রস্তুতির অংশ হিসেবেই গতকাল সোমবার এই প্রস্তুতি ম্যাচ খেলে অতিথিরা।

প্রথম প্রস্তুতি ম্যাচে স্ত্রীর অসুস্থতার জন্য দেশে ফেরা নিয়মিত অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দেন মুশফিক। উদ্বোধনী ব্যাটসম্যান তামিম ইকবাল, অলরাউন্ডার সাকিব আল হাসান ও বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান খেলেননি এই ম্যাচে। আরুন্ডেল ক্যাসেলে টস জিতে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ৩৪৫ রান করে বাংলাদেশ।

ব্যাট হাতে ১৩৪ রানের অপরাজিত এক ইনিংস খেলেন চার নম্বরে ব্যাটিংয়ে নামা ডানহাতি এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। ৯৮ বলের ঝড়ো ইনিংসে হাঁকিয়েছেন ১৪টি চার ও একটি ছক্কা।

সাসেক্সের ক্যাম্পে চন্দিকা হাথুরুসিংহের শিষ্যদের মূল নজর কন্ডিশনের সঙ্গে দ্রুত মানিয়ে নেওয়ার দিকে। স্কোর কার্ড বলছে ইংল্যান্ডে ২০১০ সালের পর প্রথমবারের মতো খেলতে যাওয়া বাংলাদেশের ক্রিকেটাররা সেই কাজ অনেকটাই করতে পেরেছেন।

এই ম্যাচ আসলে অনেকটা ফেস্টিভাল ম্যাচের মত। ব্রাইটনে যাওয়া দলের জন্য ডিউক অব নরফোকের সঙ্গে খেলাটা রীতি। এদিনই পরিস্থিতি ছিল উৎসব মুখর। সেখানে রান উৎসব করেছেন মুশফিকরা।

দলকে ভালো শুরু এনে দেন ইমরুল কায়েস ও সৌম্য। দ্রুত রান তুলছিলেন দুই বাঁহাতি ব্যাটসম্যান। ৪০ বলে ৭টি চারে ৪৪ রান করে ফিরেন ইমরুল। সৌম্য পান অর্ধশতকের দেখা, ৬৪ বলে তার ৭৩ রানের ইনিংসটি ৭টি চার ও একটি ছক্কা সমৃদ্ধ।

দুই অঙ্কে যেতে পারেননি সাব্বির রহমান, মাহমুদউল্লাহ। নাসির হোসেন, মেহেদী হাসান মিরাজদের নিয়ে দলকে তিনশ ছাড়ানো সংগ্রহ এনে দেন মুশফিক।

৫টি চারে ২৬ রান করেন নাসির। মিরাজ ৩৪ বলে ৩১।

স্বাগতিক আয়ারল্যান্ড এবং নিউজিল্যান্ডের সঙ্গে ত্রিদেশীয় সিরিজ এবং চ্যাম্পিয়ন্স ট্রপি খেলতে বর্তমানে ইংল্যান্ডে রয়েছে টাইগাররা।

x

Check Also

ব্যাংক রেজুলেশন আইন ২০২৬ দুর্নীতি সহায়ক, লুটেরাদের পুনর্বাসন আত্মঘাতী: টিআইবি

অর্থনৈতিক প্রতিবেদক সদ্য পাস হওয়া ব্যাংক রেজুলেশন আইন, ২০২৬ নিয়ে কঠোর সমালোচনা করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনার ...