Don't Miss
Home / আজকের সংবাদ / মেক্সিকোতে শক্তিশালী ভূমিকম্প, নিহত শতাধিক

মেক্সিকোতে শক্তিশালী ভূমিকম্প, নিহত শতাধিক

এমএনএ ইন্টারন্যাশনাল ডেস্ক : মেক্সিকোতে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরার তথ্য মতে শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশ সময় আজ বুধবার (২০ সেপ্টেম্বর) সকাল ৬ টা ১৫ মিনিটে এ মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪৫ জনে। তবে হতাহতের সংখ্যা আরও বাড়বে বলে ধারণা করছেন ঘটনাস্থলে সেবা দানকারী কর্মকর্তারা।

বাংলাদেশ সময় রাত ১১টা নাগাদ ৭.১ মাত্রার ভূমিকম্পে দেশটির রাজধানী মেক্সিকো সিটিসহ অন্যান্য অঞ্চলেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। মৃতের সংখ্যা ৫ শতাধিক হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ভূমিকম্প আঘাতের সঙ্গে সঙ্গে জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, ভূমিকম্পের পর রাজধানী মেক্সিকো সিটির বিমানবন্দরে সব কার্যক্রম স্থগিত করা হয়েছে। শহরের বিভিন্ন এলাকায় উচু ভবন ধ্বসে পড়েছে। এসব ভবনে অসংখ্য মানুষ আটকা পড়েছে। বিবিসি

টেলিভিশনে আসা ছবিতে দেখা গেছে, রাজধানীতে একটি বহুতল ভবনের মাঝের একটি ফ্লোর ধসেছে, সেখানে ছুটে যাচ্ছেন জরুরি সেবাদাতারা।

অপর একটি ভিডিওতে দেখা গেছে, একটি সরকারি ভবনের এক পাশ রাস্তায় পড়ছে এবং পথচারীরা চিৎকার করছেন।

মেক্সিকো সিটির দক্ষিণ দিকের শহর কুয়েরনাভাকায় ধসে পড়া ভবনের নিচে অনেকে চাপা পড়েছে বলে স্থানীয় রেডিওর সংবাদে বলা হয়েছে।

বেসামরিক নাগরিকদের সুরক্ষা বিভাগের একজন কর্মী স্থানীয় একটি টিভিকে বলেন, মেক্সিকো সিটিতে আগুন ধরে যাওয়া কয়েকটি ভবনের মধ্যে মানুষজন আটকা পড়েছেন।

রাজধানীতে আতঙ্কিত লোকজন ছুটে এসে রাস্তায় অবস্থান নিয়েছেন এবং শহরের অনেক এলাকায় বিদ্যুৎ ও টেলিফোন সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।

সিএনএন-এর খবরে বলা হয়, রাজধানীর দক্ষিণে অবস্থিত মোরেলোস রাজ্যে এখন পর্যন্ত সবচেয়ে বেশি ৪২ জনের মৃত্যু সংবাদ নিশ্চিত করেছে সেখানকার গভর্নর। দক্ষিণপূর্বের শহর পুয়েবলো তে ১১ জন ও পশ্চিমের মেক্সিকো রাজ্যে ৮ জন মারা গিয়েছেন বলে নিশ্চিত হওয়া গিয়েছে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর থেকে বলা হয়েছে, ভূমিকম্পের কেন্দ্র ছিল রাজধানী থেকে ১২০ কিলোমিটার দূরে পুয়েবলা প্রদেশের এটেন্সিনকো এলাকায়। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ৫১ কিলোমিটার।

প্রায় ২ কোটি মানুষে দেশটিতে উদ্ধারকাজ ইতিমধ্যেই শুরু হয়েছে। ভূমিকম্পে দেশটির যোগাযোগ ব্যবস্থা প্রায় অচল হয়ে পড়ায় উদ্ধারকার্যে বিঘ্ন ঘটছে বলে জানিয়েছে সিএনএন। সূত্র (এএফপি)

উল্লেখ্য, এর আগে গত ৮ সেপ্টেম্বর দেশটিতে ৮.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কমপক্ষে ৯০ জনের মৃত্যু ঘটে। ১৯৮৫ সালের পর এটিই মেক্সিকো উপকূলে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প। ওই ভূমিকম্পে কয়েক হাজার মানুষের মৃত্যু হয়েছিল।

x

Check Also

টানা ৫ ঘণ্টার বেশি গাড়ি চালানো যাবে না, সতর্ক করল বিআরটিএ

এমএনএ প্রতিবেদক একটানা দীর্ঘ সময় গণপরিবহণ চালানোর ফলে চালকদের ক্লান্তি, ঝিমুনি ও ঘুমের প্রবণতা বাড়ছে, ...