এমএনএ রিপোর্ট : লন্ডনে চিকিৎসাধীন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হকের শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। চিকিৎসকরা তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন। মেয়রের স্ত্রী ও সন্তান তার দেখাশোনা করছেন।
আজ বৃহস্পতিবার বিকেলে গণমাধ্যমকে এ তথ্য জানান মেয়র আনিসুল হকের তার ছেলে নাভিদুল হক। তিনি বলেন, গতকাল তাঁর অবস্থা যেমন ছিল, আজও তেমন আছে। তার শারীরিক অবস্থার কোনো পরিবর্তন হয়নি। তাকে চিকিৎসকরা পর্যবেক্ষনে রেখেছেন। তিনি এখনও আইসিইউতে আছেন। তবে তার অবস্থা ‘স্টেবল’।
এ ব্যাপারে আজ বৃহস্পতিবার বিকেলে মেয়রের ব্যক্তিগত সচিব আবরাউল ইসলাম গণমাধ্যমকে বলেন, ‘বেশ কিছু দিন যাবৎ মস্তিষ্কের রক্তনালীর প্রদাহের (সেরিব্রাল ভাসকুলাইটিস) কারণে মাঝেমধ্যেই তিনি মাথায় যন্ত্রণা অনুভব করতেন। এজন্য এর আগেও তিনি নিউরো সায়েন্স হাসপাতালের চিকিৎসক অধ্যাপক ডা. দীন মোহাম্মদকে দেখিয়েছেন। সেখানে পরীক্ষা-নিরীক্ষা করিয়েছেন। কিন্তু এ বিষয়টি ধরা পড়েনি। চিকিৎসকরা তাকে বিশ্রামে থাকার পরামর্শ দেন। পরবর্তীতে সিঙ্গাপুরে গেলে সেখানকার চিকিৎসকরাও একই পরামর্শ দেন। অবশেষে গত ২৯ জুলাই সপরিবারে তিনি লন্ডনে যান। গত শুক্রবার স্থানীয় একটি হাসপাতালে গেলে পরীক্ষা-নিরীক্ষা শেষে সেরিব্রাল ভাসকুলাইটিস ধরা পড়ে। ওইদিন তিনি আবারও অসুস্থবোধ করেন। চিকিৎসকের পরামর্শে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।’
আবরাউল ইসলাম আরও জানান, আজ বৃহস্পতিবার তার রক্তচাপ স্বাভাবিক হয়েছে। তবে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে। ব্রেনে রক্ত চলাচল স্বাভাবিক করার জন্য চিকিৎসকরা ওষুধ দিচ্ছেন। তার স্ত্রী রুবানা হক ডিএনসিসির সাথে যোগাযোগ রক্ষা করছেন। লন্ডনে বাংলাদেশ দূতাবাস থেকেও আনিসুল হকের খোঁজ-খবর রাখা হচ্ছে।
মোহাম্মদী নিউজ এজেন্সী নিউজ – ফিচার – ফটো নেটওয়ার্ক

