Don't Miss
Home / আজকের সংবাদ / রাবিতে ১১ বছরে ৪ শিক্ষক খুন

রাবিতে ১১ বছরে ৪ শিক্ষক খুন

এমএনএ ডেস্ক রিপোর্ট : গত সোয়া ১১ বছরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৪ শিক্ষক খুন হয়েছেন। এর মধ্যে বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট আমল ২০০৪ ও ২০০৬ সালে দুইজন এবং গত দুই বছরে খুন হলেন আরো দুই শিক্ষক।

সর্বশেষ আজ শনিবার সকাল সাড়ে ৭টার দিকে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করলো রাবি অধ্যাপক এ এফ এম রেজাউল করিম সিদ্দিকীকে। তিনি ইংরেজি বিভাগের অধ্যাপক।

সকালে বাড়ি থেকে বের হয়ে বিশ্ববিদ্যালয়গামী বাসের অপেক্ষায় ভোয়ালিয়ার শালবাগান মোড়ে অবস্থান নিলে দুর্বৃত্তরা তাকে ঘাড়ে কুপিয়ে হত্যা করে।

Rezaul-Karim

RU-Teache-Killingr

পুলিশের ধারণা, মৌলবাদী বা জঙ্গিগোষ্ঠী তাকে হত্যা করেছে। ইতোপূর্বে বেশ কয়েকজন ব্লগার হত্যার সঙ্গে এই হত্যার ধরনটির মিল রয়েছে বলে জানিয়েছে রাজশাহী মহানগর পুলিশ কর্মকর্তা মো. শামসুদ্দিন।

তিনি বলেন, বাগমারার দরগামারিয়া গ্রামে একটি গানের স্কুল পরিচালনা ও ব্লগে লেখালেখিসহ ব্যক্তিগত কোনো দ্বন্দ্ব এ হত্যাকাণ্ডের কারণ কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

এর আগে ২০১৪ সালের ১৫ নভেম্বর দুপুরে খুন হন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক একে এম শফিউল ইসলাম। তিনিও প্রগতিশীলতা ও গানের চর্চা করতেন।

তখন জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিম এ হত্যাকাণ্ডের দায় স্বীকার করে। তবে পুলিশ তা নাকচ করে দেয়।

এছাড়া ২০০৪ সালের ২৪ ডিসেম্বর ভোরে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সংলগ্ন বিনোদপুর এলাকায় সকালে হাটতে বের হয়ে খুনের শিকার হন অর্থনীতি বিভাগের অধ্যাপক মোহাম্মদ ইউনুস।

অপরদিকে ২০০৬ সালের ১ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের আবাসিক এলাকা থেকে নিখোঁজ হন বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের অধ্যাপক এস তাহের । দুই দিন পর ক্যাম্পাসের বাসার পাশের ম্যানহোলের ভেতরে তার লাশ পাওয়া যায়।

x

Check Also

সক্ষমতা

জেলা-উপজেলা হাসপাতালের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকারঃ প্রধানমন্ত্রী তারেক রহমান

এমএনএ জাতীয় ডেস্কঃ জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোর সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে দেশের স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় ...