Don't Miss
Home / আজকের সংবাদ / রাম রহিমের প্রসাদোপম ডেরার দাবিদার পালিতকন্যা?

রাম রহিমের প্রসাদোপম ডেরার দাবিদার পালিতকন্যা?

এমএনএ ইন্টারন্যাশনাল ডেস্ক : ভারতের বিতর্কিত স্বঘোষিত আধ্যাত্মিক ধর্মগুরু রাম রহিমের প্রসাদোপম ডেরার দাবিদার হচ্ছেন তার পালিতকন্যা? যার আসল নাম প্রিয়ঙ্কা তানেজা। ভারতের হিসারের ফতেহবাদ এলাকার এক সাধারণ ঘরের মেয়ে প্রিয়ঙ্কা।

১৯৯৯ সালে সিরসার ডেরা ভক্ত বিশ্বাস গুপ্তের সঙ্গে বিয়ে হয় তার। ওই সময় থেকেই ডেরা সচ্চা সৌদার প্রধান গুরমিত রাম রহিম সিংয়ের সঙ্গে পরিচয় ও ঘনিষ্ঠতা। প্রিয়ঙ্কা থেকে রাম রহিমের দেওয়া হানিপ্রীত ইনসান নামে পরিচিত হয়ে ওঠেন।

বাবা’র ছায়াসঙ্গী ছিলেন তিনি। ডেরা ভক্তরা তাকে ‘পাপা’স অ্যাঞ্জেল’ বলে চেনেন ও মানেন। ভক্তদের অনেকে মনে করেন, তার সিদ্ধান্তই ‘বাবা’র সিদ্ধান্ত। হানিপ্রীত পালিতকন্যা হলেও রাম রহিমের খুবই ঘনিষ্ঠ। এখন এই পালিতকন্যাকেই তার উত্তরসূরি হওয়ার অন্যতম দাবিদার বলে মনে করা হচ্ছে।

খুব অল্প সময়েই হানিপ্রীতের উত্থান। ডেরা অনুগামীরা দাবি করেন, ‘বাবা’র কাছে শ্বশুরবাড়ির পণ নিয়ে অভিযোগ জানিয়েছিলেন হানিপ্রীত। এরপর ২০০৯ সালে হানিকে দত্তক নেন রাম রহিম। তখন থেকেই বাবার ছায়াসঙ্গী তিনি।

হানির অন্য একটা পরিচয় আছে। ডেরা অনুগামীদের দাবি, তিনি নাকি খুব প্রতিভাবান। খুব অল্প সময়ের মধ্যেই কোনো কিছু রপ্ত করে নিতে পারেন। সামাজিক যোগাযোগ মাধ্যমেও হানিপ্রীতের জনপ্রিয়তা তুঙ্গে। ফেসবুকে ভক্তের সংখ্যা ৫ লাখ। সামাজিক যোগাযোগ মাধ্যমে হানি নিজেকে সমাজসেবী, নির্দেশক, পরিচালক ও অভিনেত্রী হিসেবে দাবি করেন।

মেয়ের গুণ দেখে ‘বাবা’ও আপ্লুত। ডেরার ওয়েবসাইটে বলা হয়েছে, রাম রহিম যখন হানিকে নির্দেশনার জন্য কঠোর পরিশ্রম করতে দেখেছিলেন, তখনই সিদ্ধান্ত নেন তাকে একটি ছবি পরিচালনার কাজ দেবেন। এরপর ‘মেসেঞ্জার অব গড: দ্য ওয়ারিয়র লায়ন হার্ট’ ছবিতে পরিচালনার কাজ করেন হানিপ্রীত। ২০১৫ সালের ওই ছবিতে অভিনয়ও করেন হানি।

দোষী সাব্যস্ত হওয়ার পর রাম রহিমকে গ্রেপ্তার করে রোহতকে নিয়ে যাওয়ার সময় হানিকে তার পাশেই দেখা যায়। ডেরা-র উত্তরসূরি নিয়েও তখন থেকেই জল্পনার শুরু। তা হলে কি ডেরার হাল ধরবেন হানি? সূত্র: আনন্দবাজার পত্রিকা।

x

Check Also

সক্ষমতা

জেলা-উপজেলা হাসপাতালের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকারঃ প্রধানমন্ত্রী তারেক রহমান

এমএনএ জাতীয় ডেস্কঃ জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোর সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে দেশের স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় ...