এমএনএ রিপোর্ট : রাষ্ট্রপতি আবদুল হামিদ দুই দিনের সফরে কাজাখস্তানের উদ্দেশ্যে আজ শনিবার ঢাকা ত্যাগ করেছেন। কাজাখস্তানের রাজধানী আস্তানায় অনুষ্ঠিত হতে যাওয়া ‘বিজ্ঞান ও প্রযুক্তি সংক্রান্ত ওআইসির প্রথম শীর্ষ সম্মেলনে’ যোগ দিতে এ সফরে গেলেন।
আগামী ১০ থেকে ১১ সেপ্টেম্বর এই সম্মেলন অনুষ্ঠিত হবে। রাষ্ট্রপতি সম্মেলনে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন।
রাষ্ট্রপতির প্রেস সচিব মোহাম্মদ জয়নাল আবেদিন জানান, রাষ্ট্রপতি এবং তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট আজ শনিবার বিকেল পৌনে ৩ টায় কাজাখস্তানের রাজধানী আস্তানার উদ্দেশ্যে হযরত শাহজালাল (রা.) আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।
বিমানবন্দরে রাষ্ট্রপতিকে বিদায় জানান বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী।
ঢাকায় ডিপ্লোমেটিক কোরের ডিন এবং ভ্যাটিক্যানের রাষ্ট্রদূত জর্জ কোচেরি, মন্ত্রিপরিষদ সচিব, তিন বাহিনীর প্রধান এবং পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা রাষ্ট্রপতিকে বিদায় জানাতে উপস্থিত ছিলেন বিমানবন্দরে।
ওআইসি আশা করছে, প্রথমবারের মতো অনুষ্ঠেয় এই সম্মেলনে ওআইসির ২০টি সদস্য রাষ্ট্রের রাষ্ট্র ও সরকার প্রধানরা অংশ নেবেন।
দুদিন ব্যাপী এই সম্মেলনের মূল প্রতিপাদ্য ‘সায়েন্স, টেকনোলজি, ইনোভেশন অ্যান্ড মর্ডানাইজেশন অব ইসলামিক ওয়ার্ল্ড’।
রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন জানান, আস্তানার ‘প্যালেস অব ইনডিপেন্ডেন্স’ এই সম্মেলনে বক্তব্য রাখবেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। এর বাইরে একাধিক রাষ্ট্রপ্রধানের সঙ্গেও তার সাক্ষাতের কথা রয়েছে।
দুই দিনের এই সম্মেলনে রাষ্ট্রপতি বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন। প্রতিনিধি দলের অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন, রাষ্ট্রপতি কার্যালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সরকারি কর্মকর্তাগণ।
একই দিনে আস্তানা নূর সুলতান নাজারবায়েভ আন্তর্জাতিক বিমান বন্দরে উজবেকিস্তানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মাসুদ মান্নান রাষ্ট্রপতি ও তার সফর সঙ্গীদের স্বাগত জানাবেন।
সফরকালে রাষ্ট্রপতি সম্মেলনের পাশাপাশি কাজাখ সমকক্ষের সাথে এবং সম্মেলনে যোগদানকারী অন্যান্য সদস্যভুক্ত দেশের সমকক্ষদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন।
ওআইসির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ওআইসি আশা করছে, অনুষ্ঠেয় এই সম্মেলনের মাধ্যমে বিজ্ঞান ও প্রযুক্তি খাতের আধুনিকায়নে মুসলিম উম্মাহর বাস্তবমুখী ভূমিকার সূচনা করবে।
এই সম্মেলনে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে আলোচনার পর ১০ বছর মেয়াদী কর্মপরিকল্পনা ‘ওআইসি এসটিআই এজেন্ডা-২০২৬’ ঘোষণা করা হবে।
প্রেস সচিব জয়নাল আবেদীন জানান, সম্মেলন শেষে ১২ সেপ্টেম্বর রাষ্ট্রপতির দেশে ফেরার কথা রয়েছে।
মোহাম্মদী নিউজ এজেন্সী নিউজ – ফিচার – ফটো নেটওয়ার্ক

