এমএনএ রিপোর্ট : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের পরিচয়পত্র দেবে সরকার। প্রথমে নিবন্ধন তারপর এই পরিচয়পত্র দেয়া হবে।
জাতিগত সহিংসতায় মিয়ানমার থেকে বাংলাদেশে আসা রোহিঙ্গা শরণার্থীদের নিবন্ধনের মাধ্যমে পরিচয়পত্র দেবে সরকার। এদের আশ্রয় দিতে কক্সবাজারের কুতুপালংয়ে দুই হাজার একর জমির ওপর একটি আশ্রয়কেন্দ্রও খোলা হচ্ছে।
আজ রবিবার সচিবালয়ে রোহিঙ্গা জনগোষ্ঠীর অনুপ্রবেশের পরিপ্রেক্ষিতে সীমান্তবর্তী এলাকার সার্বিক পরিস্থিতি ও আইনশৃঙ্খলা বিষয়ে এক বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাংবাদিকদের এসব তথ্য জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পরিচয়পত্র ছাড়া কোনো রোহিঙ্গা বাংলাদেশ কিংবা আন্তর্জাতিক সাহায্য সহযোগিতা পাবে না। তারা কতজন মিয়ানমার থেকে বাংলাদেশে এল, তার একটি তথ্যভান্ডার করা হবে।
আক্রমণের অভিযোগে গত ২৫ আগস্ট থেকে মিয়ানমারের রাখাইনে দেশটির সেনাবাহিনীর সদস্যরা রোহিঙ্গা মুসলিমদের ওপর হামলা চালায়। জাতিসংঘ বলেছে, এ হামলায় এক হাজারের বেশি রোহিঙ্গা নিহত হয়েছে। জাতিগত নিধনযজ্ঞের ভয়ে রোহিঙ্গারা পালিয়ে বাংলাদেশে আসছে। এখন পর্যন্ত বিভিন্ন হিসাবে বলা হয়েছে, তিন লাখের বেশি রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে এসেছে।
বৈঠকে জননিরাপত্তা বিভাগের সচিব মোস্তফা কামাল উদ্দীন, সুরক্ষা সেবা বিভাগের সচিব ফরিদ উদ্দিন আহম্মদ, আইজিপি একেএম শহীদুল হক, র্যাবের ডিজি বেনজির আহমেদসহ আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষকর্তারা উপস্থিত ছিলেন।
মোহাম্মদী নিউজ এজেন্সী নিউজ – ফিচার – ফটো নেটওয়ার্ক

