Don't Miss
Home / আজকের সংবাদ / শিক্ষার্থীদের সমাবেশে কাঁদানে গ্যাস, পিছু হটল পুলিশ

শিক্ষার্থীদের সমাবেশে কাঁদানে গ্যাস, পিছু হটল পুলিশ

এমএনএ রিপোর্ট : ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সমাবেশ লক্ষ্য করে কাঁদানে গ্যাস ছুড়েছে পুলিশ। এ সময় শিক্ষার্থীদের সঙ্গে তাদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
এক পর্যায়ে ক্যাম্পাসে অবস্থানরত পুলিশ সদস্যরা পিছু হটেন। ক্যাম্পাসের ভেতর দিয়ে সব সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে।
শিক্ষার্থীরা কাঁদানে গ্যাসের ঝাঁজ কমাতে টিএসসি এলাকার বিভিন্ন সড়কে আগুন জ্বালিয়ে রেখেছেন। বিভিন্ন আবাসিক হল থেকে দলে দলে শিক্ষার্থীরা এসে রাজু ভাস্কর্যে সমাবেশে জড়ো হচ্ছে।
আন্দোলনকারীরা জানিয়েছেন কোটা সংস্কারের সরকারের ঘোষণা আসার আগ পর্যন্ত শান্তিপূর্ণ আন্দোলন চলবে। তবে বিকাল ৩টার মধ্যে আটক ছাত্রদের না ছাড়লে তারা কঠোর কর্মসূচিতে যাবেন।
জানা গেছে, দুপুর পৌনে ২টার দিকে বাংলা একাডেমির সামনের সড়কে অবস্থানরত পুলিশ আন্দোলনকারীদের সমাবেশ লক্ষ কাঁদানে গ্যাস ছোড়ে। এ সময় রাজু ভাস্কর্যের সামনে অবস্থানরত শিক্ষার্থীরা উত্তেজিত হয়ে পড়েনে। অনেকে মুখে কাপড় বেঁধে কাঁদানে গ্যাস উপেক্ষা করেই পুলিশের দিকে ছুটে যায়। এ সময় উভয়পক্ষে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এক পর্যায়ে পুলিশ পিছু হটে দোয়েল চত্বরের দিকে চলে যায়।
গতকাল রবিবার রাত থেকে আজ সোমবার সকাল পর্যন্ত দফায় দফায় হামলা ও নির্যাতনের মুখে পিছু হটার পর বেলা ১১টার দিকে ক্যাম্পাসে অবস্থান নেয় কোটা সংস্কারে দাবিতে আন্দোলনকারীরা।
তারা দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে সংবাদ সম্মেলন করে শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। এরপর সেখান থেকে শত শত শিক্ষার্থী মিছিল নিয়ে শাহবাগ ঘুরে রাজু ভাস্কর্যে গিয়ে সমাবেশে মিলিত হন।
জানা গেছে, গতকাল রবিবার রাতভর কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ ও ছাত্রলীগের দফায় দফায় সংঘর্ষ হয়।
আজ সোমবার সকালে আন্দোলনরত শিক্ষার্থীরা শহীদুল্লাহ হলে জড়ো হলে সেখানে ছাত্রলীগ তাদের ওপর হামলা চালায়। এ সময় আন্দোলনকারীরা তাদের ধাওয়া করে দোয়েল চত্বর পর্যন্ত নিয়ে আসেন।
এর পর সেখানে সড়কে অবস্থান নিয়ে কোটা সংস্কারের দাবিতে বিক্ষোভ করতে থাকেন তারা। সকাল সাড়ে ৭টায় তাদের ছত্রভঙ্গ করতে লাঠিপেটা ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করা হলে উভয়পক্ষে সংঘর্ষ হয়। পরে আন্দোলনকারীরা পিছু হটে হলে ফিরে যান। সকাল ৯টার দিকে পুলিশের পক্ষ থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার কথা বলা হয়।
তবে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরতদের ওপর পুলিশের হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি নিয়ে শিক্ষার্থীরা ক্যাম্পাসে ফিরে আসেন।
বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের সায়েন্স অ্যানেক্স ভবনের সামনে ভূগোল ও পরিবেশ বিভাগসহ কয়েকটি বিভাগের শিক্ষার্থীরা এতে অংশ নেন।
x

Check Also

সক্ষমতা

জেলা-উপজেলা হাসপাতালের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকারঃ প্রধানমন্ত্রী তারেক রহমান

এমএনএ জাতীয় ডেস্কঃ জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোর সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে দেশের স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় ...