Don't Miss
Home / ইসলাম ও ধর্ম / শুভ বুদ্ধপূর্ণিমা আজ: সারা দেশে নানা আয়োজনে উদ্‌যাপন

শুভ বুদ্ধপূর্ণিমা আজ: সারা দেশে নানা আয়োজনে উদ্‌যাপন

এমএনএ প্রতিবেদক

বৌদ্ধধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধপূর্ণিমা আজ। বিশ্বের বৌদ্ধ সম্প্রদায়ের কাছে দিনটি গভীর তাৎপর্যপূর্ণ, কারণ এই বৈশাখী পূর্ণিমাতেই প্রায় আড়াই হাজার বছর আগে মহামতি গৌতম বুদ্ধের শুভ জন্ম, বোধিজ্ঞান লাভ এবং মহাপরিনির্বাণ সংঘটিত হয়েছিল বলে বৌদ্ধধর্মমতে বিশ্বাস করা হয়।

বুদ্ধপূর্ণিমা উপলক্ষে সারা দেশে বৌদ্ধধর্মাবলম্বীরা ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে দিনটি পালন করছেন। বিভিন্ন বৌদ্ধবিহারে বুদ্ধপূজা, শীল গ্রহণ, পিণ্ডদান, ভিক্ষু সংঘের প্রাতরাশসহ নানা ধর্মীয় আচার-অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

মহামতি গৌতম বুদ্ধের জীবনদর্শন অহিংসা, সাম্য, মৈত্রী ও সহাবস্থানের ওপর ভিত্তি করে গড়ে উঠেছে। তিনি শিক্ষা দিয়েছেন—বৈরিতা দিয়ে বৈরিতা বা হিংসা দিয়ে হিংসা কখনো প্রশমিত হয় না; বরং অহিংসা ও অবৈরিতার মাধ্যমেই শান্তি প্রতিষ্ঠা সম্ভব।

বুদ্ধপূর্ণিমা উপলক্ষে গতকাল বৃহস্পতিবার সচিবালয়ে বৌদ্ধ সম্প্রদায়ের নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি বলেন, দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশের সব মানুষের জন্য শান্তিপূর্ণ ও নিরাপদ সহাবস্থান নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

প্রধানমন্ত্রী আরও বলেন, প্রতিটি ধর্মই মানবকল্যাণের শিক্ষা দেয়। গৌতম বুদ্ধ তাঁর অনুসারীদের জন্য যে পঞ্চশীল নীতি প্রবর্তন করেছেন—প্রাণী হত্যা না করা, চুরি না করা, ব্যভিচার না করা, মিথ্যা না বলা এবং মাদক থেকে বিরত থাকা—তা মানব সমাজে নৈতিকতা ও শান্তি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

রাজধানীর মেরুল বাড্ডার আন্তর্জাতিক বৌদ্ধবিহারে দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ বুড্ডিস্ট ফেডারেশন। কর্মসূচির মধ্যে রয়েছে সকাল ১০টায় বুদ্ধপূজা ও শীল গ্রহণ এবং সন্ধ্যা ৬টায় বুদ্ধপূর্ণিমার তাৎপর্য নিয়ে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

বাংলাদেশ বুড্ডিস্ট ফেডারেশনের সাধারণ সম্পাদক ভিক্ষু সুনন্দপ্রিয় বলেন, এবারের বুদ্ধপূর্ণিমায় বিশ্ব থেকে যুদ্ধ ও সহিংসতা দূর হয়ে শান্তি প্রতিষ্ঠিত হোক—এই কামনাই করা হচ্ছে। একই সঙ্গে বাংলাদেশে যেন সকল মানুষ বৈষম্যহীনভাবে নাগরিক অধিকার নিয়ে বসবাস করতে পারে, সেই প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।

x

Check Also

ভোরের অঝোর বৃষ্টিতে জলাবদ্ধ ঢাকার বিভিন্ন সড়ক, আংশিক স্বস্তি—আবারও ভারী বৃষ্টির শঙ্কা

এমএনএ প্রতিবেদক শুক্রবার ভোর থেকেই টানা অঝোর বৃষ্টিতে রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। ...