Don't Miss
Home / আজকের সংবাদ / শূন্যস্থান পূরণের জয়ে উজ্জীবিত টাইগাররা

শূন্যস্থান পূরণের জয়ে উজ্জীবিত টাইগাররা

এমএনএ স্পোর্টস ডেস্ক : বিদেশের মাটিতে পূর্ণ সদস্য সবগুলো দেশের বিপক্ষে জেতার শূন্যস্থানটা পূরণ হয়ে গেল আজকের এই জয়ে। ইতিহাস সৃষ্টি করা এ জয়ে টাইগারদের পাশাপাশি ১৬ কোটি বাংলাদেশী আজ উজ্জীবিত।

যদিও এ সম্ভাবনা জেগেছিল অনেকবারই। কিন্তু কী করে কী করে যেন ফসকে বেরিয়ে যাচ্ছিল নিউজিল্যান্ড। কয়েক মাস আগে নিউজিল্যান্ড সফরেও জয়ের ভালো সম্ভাবনা জাগিয়েও ম্যাচ হেরেছিল বাংলাদেশ। অবশেষে এইবার আর সুযোগ হাতছাড়া করা নয়। আজ নিউজিল্যান্ডকে হারিয়ে একটা বৃত্তও পূরণ করে ফেলল বাংলাদেশ।

এই মে মাসেই পাকিস্তানের বিপক্ষে জয় পেয়েছিল বাংলাদেশ। ১৯৯৯ বিশ্বকাপে নর্দাম্পটনে পাকিস্তানের বিপক্ষে জয়টি ছিল বিদেশের মাটিতে কোনো টেস্ট খেলুড়ে দেশের বিপক্ষে বাংলাদেশের প্রথম জয়। এরপর গত ১৮ বছরে টেস্ট খেলা প্রায় সব দেশের বিপক্ষেই বিদেশে জিতেছে বাংলাদেশ। কেবল জিততে পারছিল না নিউজিল্যান্ডের বিপক্ষে। এ ম্যাচের আগে বিদেশের মাটিতে পূর্ণ সদস্য দেশের বিপক্ষে ২৫টি ম্যাচ জিতেছে বাংলাদেশ। একটিতেও ওপাশের দলটি কিউইরা ছিল না!

এই নিউজিল্যান্ডের বিপক্ষেই দুবার ধবলধোলাইয়ে সিরিজ জিতেছে বাংলাদেশ। কিন্তু তাদের বিপক্ষে এর আগের ৮ জয়ের সবগুলো ছিল দেশের মাটিতে। এই প্রথম বিদেশের মাটিতে জিতল বাংলাদেশ।

’৯৯ বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে জেতার পর বিদেশে পূর্ণ সদস্য কোনো দলের বিপক্ষে জয় পেতে বাংলাদেশকে অপেক্ষা করতে হয় পাঁচ বছর—২০০৪ সালের ১০ মার্চ হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে জয়টা আসে ৮ রানে। সেই জিম্বাবুয়ে অবশ্য ‘দুর্বল’ জিম্বাবুয়ে নয়। হিথ স্ট্রিক, গ্রান্ট ফ্লাওয়ার, স্টুয়ার্ট কার্লাইলদের শক্তিশালী জিম্বাবুয়ের বিপক্ষেই।

এরপর একে একে অস্ট্রেলিয়া, ভারত, ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা—সব দেশের বিপক্ষেই দেশের বাইরে জয় পেয়েছে বাংলাদেশ। হয় নিরপেক্ষ ভেন্যু, নয়তো প্রতিপক্ষের মাঠে।

ভারতের বিপক্ষে বিদেশে প্রথম জয়টা খুব বড় উপলক্ষ হয়ে এসেছিল। ২০০৭ বিশ্বকাপে পোর্ট অব স্পেন বাংলাদেশের কাছে হার পরে বিশ্বকাপ থেকে ভারতকে ছিটকে দিয়েছিল। সেবার দক্ষিণ আফ্রিকাকেও বাংলাদেশ প্রথম হারিয়েছিল, গায়ানায়। ওয়েস্ট ইন্ডিজ ২০০৯ সালে বাংলাদেশের কাছে প্রথম হারে তাদের মাঠেই। ইংল্যান্ডও ২০১০ সালে তাদের মাটিতেই বাংলাদেশের কাছে প্রথম হেরেছিল। শ্রীলঙ্কা প্রথম হারে ২০১৩ সালে, পাল্লেকেলেতে। অস্ট্রেলিয়ার বিপক্ষে এখনো পর্যন্ত একমাত্র জয়টা বিদেশেই, ২০০৫ সালে ওয়েলসের কার্ডিফে।

নিউজিল্যান্ডের বিপক্ষে এখনো পর্যন্ত ৮টি ম্যাচ জিতেছে বাংলাদেশ। প্রথম জয়টা আসে ২০০৮ সালে, ঢাকাতে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। ২০১০ সালে বাংলাদেশের মাটিতেই ৪-০ ব্যবধানে ধবলধোলাই হয়েছিল কিউইরা। ২০১৩ সালে পরের সফরেও ৩-০ ব্যবধানে সিরিজ জেতে বাংলাদেশ।

বিদেশের মাটিতে সবচেয়ে বেশি বাংলাদেশ জয় পেয়েছে স্বাভাবিকভাবেই জিম্বাবুয়ের বিপক্ষে—১৪ টি। ওয়েস্ট ইন্ডিজ হেরেছে ৩ বার, সেটিও দুর্বল ওয়েস্ট ইন্ডিজ ছিল। জিম্বাবুয়ে ও ওয়েস্ট ইন্ডিজ বাদে বিদেশের মাটিতে একাধিক জয় ইংল্যান্ড ও শ্রীলঙ্কার বিপক্ষে (দুবার করে)।

বিদেশের মাটিতে বাংলাদেশ আজকের ম্যাচটিসহ মোট ৪০টি ওয়ানডে জিতল। এর মধ্যে ১৪টি জয় সহযোগী দেশগুলোর বিপক্ষে, যাদের টেস্ট স্ট্যাটাস নেই।

আজকের জয়টি বাংলাদেশ অনেক দিন মনে রাখবে। সিরিজের গুরুত্ব বিবেচনায় নয়, এই ম্যাচ দিয়ে যে বাংলাদেশ উঠে গেল তাদের র‍্যাঙ্কিং ইতিহাসের সবচেয়ে সেরা অবস্থানেও!

চ্যাম্পিয়নস ট্রফির আগে বাড়তি প্রেরণা জোগাবে এই জয়, সন্দেহ নেই।

x

Check Also

চলতি বছরের হজ ফ্লাইট শুরু হচ্ছে ১৮ এপ্রিল, আজ রাতে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বিশেষ প্রতিনিধি সৌদি সরকারের নির্ধারিত হজ ব্যবস্থাপনা রোডম্যাপ অনুযায়ী চলতি বছরের হজ ফ্লাইট আগামী ১৮ ...